Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

'ফারাক্কা চুক্তি নবায়ন ও ৫৪ নদীর ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার'

মুক্তার হোসেন,গোদাগাড়ী (রাজশাহী): Farhad Hossain Azad

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নদীভাঙন কবলিত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন এবং আন্তর্জাতিক পানি আইনে দেশের ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় গোদাগাড়ী পৌরসভার রেলবাজার কুঠিপাড়া, বারুইপাড়া এবং উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারমারীসহ বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী গোদাগাড়ী শহরের অস্তিত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আই-বাঁধ, টি-বাঁধ ও শহর রক্ষা বাঁধের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।

গোদাগাড়ী সীমান্তে পদ্মার নব্যতাসংকট ও ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ নিয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে। আমরা আশা করছি, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গ্যারান্টি ক্লজ দিয়ে ফারাক্কা চুক্তি করেছিলেন, সে অনুযায়ী ভারত আরেকটি চুক্তি নবায়ন করবে। ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আন্তঃসীমান্ত নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশের যে প্রত্যাশা, তা ভারতীয় রাষ্ট্রদূতের কাছে জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

গোদাগাড়ী ও পবা অঞ্চলে নদী সুরক্ষার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী এর আগে পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ শীর্ষক প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

গুরুত্বপূর্ণ এই পরিদর্শনে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

প্রকৌশল ও কারিগরি সহায়তার জন্য উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসান এবং রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া গোদাগাড়ীর স্থানীয় জনগণের দাবি ও অধিকারের পক্ষে মাঠপর্যায়ে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম শাওয়াল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু এবং পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news