আজ বিজয়া দশমী। পূজা, পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
দেবী দুর্গাকে বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ দিনের আনুষ্ঠানিকতা।
বুধবার (২১ অক্টোবর) পূজার সূচি অনুযায়ী, সকাল ৬টায় পূজা শুরু হয়।
সকাল ৮টায় পুষ্পাঞ্জলি এবং সকাল ৮টা ৫২ মিনিটে পূজা সমাপন হয়েছে। এরপরই বিসর্জনের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে।
সন্ধ্যারাত্রিক শেষে প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণ করা হবে।
বৈদিক পঞ্জিকা ও পঞ্চাঙ্গ অনুযায়ী, বুধবার দশমী বিহিত পূজা ও ঘট চালনার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৬টা ২৫ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত।
দর্পণ বিসর্জনের সময় সকাল ৮টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট। প্রতিমা নিরঞ্জনের শুভক্ষণ দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত।
ঢাকায় প্রতিমা বিসর্জনের সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ৩টা থেকে বিসর্জন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। শাঁখারীবাজার ও তাঁতীবাজার এলাকায় রাতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। রামকৃষ্ণ মিশনে বুধবার রাত ৮টার দিকে প্রতিমা বিসর্জনের কথা রয়েছে।
গত বছর ঢাকায় ১০টি ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল। ঘাটগুলো হলো—বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, আমিনবাজার ব্রিজঘাট, বসিলা ব্রিজঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট।
মহাদশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। এদিকে, প্রতিমা বিসর্জন ঘিরে ওয়াইজঘাটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।