Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২২ অক্টোবর ২০২৬ | ১০:২৮ অপরাহ্ন

সরকারি সফরে স্ত্রীসহ রেলসচিব: অপব্যবহার নাকি বিধি সম্মত, উঠছে প্রশ্ন

আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি:- ২২ অক্টোবর ২০২৬

​সরকারি সফরের দাপ্তরিক সূচি তৈরি করে স্ত্রীকে সঙ্গে নিয়ে পাবনা ও কুষ্টিয়ায় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের অভিযোগ উঠেছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের বিরুদ্ধে। দাপ্তরিক সফরের আড়ালে পারিবারিক ভ্রমণের আয়োজন করা হয়েছে কি না, তা নিয়ে রেলওয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা-

সমালোচনা সৃষ্টি হয়েছে।

​তবে সচিবের দাবি, তিনি সরকারি কাজের অংশ হিসেবেই এ পরিদর্শনে এসেছেন এবং সরকারি সফরে পরিবারকে সাথে রাখার সুযোগ রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাবনার পাকশী ও ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা পরিদর্শনকালে সচিবের সঙ্গে তাঁর স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক ড. তাহমিনা হোসেনকে উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় রেলওয়ের একাধিক কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

​রেলপথ মন্ত্রণালয় থেকে জারি করা সফরসূচি অনুযায়ী, ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাবনা ও কুষ্টিয়া জেলা সফর করবেন সচিব ফাহিমুল ইসলাম। গত ১৭ অক্টোবর সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. শামীমুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরকে ‘সরকারি সফর’ হিসেবে উল্লেখ করা হয়। 

বিজ্ঞপ্তিতে ঢাকা, পাবনা ও কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপককে (জিএম) প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

​সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়কপথে পাকশী রেলওয়ে স্টেশনে পৌঁছান সচিব। পাকশী রেলওয়ের ভিআইপি রেস্টহাউসে অবস্থান ও মধ্যাহ্নভোজ শেষে বিকেলে তিনি রেলওয়ের বিভিন্ন স্থাপনা ও হার্ডিঞ্জ ব্রিজ এলাকা ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম, বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন ভূঁইয়া, বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার এবং বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট রেজওয়ান উর রহমানসহ অন্যান্য প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​তবে সফরসূচিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম, সচিবের একান্ত সচিব মো. শামীমুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর থাকার কথা উল্লেখ থাকলেও তাঁদের কাউকে সেখানে দেখা যায়নি।

​এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম জানান, সচিব নিজেই নিজের মতো করে পুরো বিষয়টি ঘুরে দেখতে চেয়েছেন, যার কারণে তাঁরা এ সফরে যোগ দেননি। একই কথা জানান সচিবের একান্ত সচিব শামীমুর রহমানও।

​সরকারি সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার বিষয়ে রেলওয়ের অভ্যন্তরীণ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, সরকারি সফরের অজুহাতে ব্যক্তিগত বা পারিবারিক ভ্রমণে রাষ্ট্রীয় পদমর্যাদা, সুযোগ-সুবিধা ও সম্পদের ব্যবহার একধরনের পদের অপব্যবহার এবং অনিয়মের শামিল।

​অভিযোগের বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "সরকারি সফরের অংশ হিসেবেই রেলওয়ের স্থাপনা পরিদর্শনে আসা হয়েছে।" তবে সফরসূচিতে না থাকা সত্ত্বেও স্ত্রীকে সঙ্গে নেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করতে না পারলেও তিনি দাবি করেন, সরকারি সফরে সপরিবারে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

​নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে পাকশী রেলওয়ে রেস্টহাউসে অবস্থান শেষে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে সচিবের। সেদিন বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন এলাকা এবং বিকেলে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন তিনি। সেখানে রাত যাপন শেষে শনিবার (২৪ অক্টোবর) সকালে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ছবি