Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

টানা এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলে শরীরে কী হয়

অনলাইন ডেস্ক What happens to the body if you hold your urine for an hour

কাজের চাপে অনেকেই প্রস্রাবের বেগ অনুভব করলেও তা চেপে বসে থাকেন। মূত্রথলিতে চাপ বাড়তে থাকে, বারবার মনে হয় টয়লেটে যাওয়া প্রয়োজন। কখনো দীর্ঘ কর্মব্যস্ততা, কখনো যানজট, আবার কখনো অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহারের ভয়-সব মিলিয়ে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা প্রস্রাবের চাপ উপেক্ষা করেন। কিন্তু শরীরের এই স্বাভাবিক সংকেত বারবার উপেক্ষা করা কি আদৌ নিরাপদ? এতে মূত্রথলির ওপর কী প্রভাব পড়তে পারে, আর কখনই বা সতর্ক হওয়া জরুরি?


এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলে শরীরে কী হয়?

একজন প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রথলিতে সাধারণত ৩৫০ থেকে ৫০০ মিলিলিটার প্রস্রাব জমতে পারে। তবে ঠিক কতটা প্রস্রাব জমলে বেগ অনুভূত হবে, তা ব্যক্তিভেদে আলাদা। শরীরে কিডনি ক্রমাগত রক্ত ছেঁকে প্রস্রাব তৈরি করে। সেই প্রস্রাব মূত্রনালির মাধ্যমে মূত্রথলিতে জমা হয়। মূত্রথলি প্রসারিত হতে থাকলে সেখানকার স্নায়ু মস্তিষ্কে সংকেত পাঠায়। তখনই প্রস্রাবের বেগ অনুভূত হয়।প্রস্রাবের বেগ অনুভব করার পরও যদি এক ঘণ্টা অপেক্ষা করতে হয়, তাহলে তলপেটে চাপ, অস্বস্তি এবং অস্থিরতা বাড়তে পারে। বারবার টয়লেটে যাওয়ার কথা মনে হওয়ায় কাজেও মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। তবে মূত্রথলি স্বাভাবিকভাবে কাজ করলে এবং অন্য কোনো শারীরিক সমস্যা না থাকলে, একবার এমন পরিস্থিতিতে পড়া সাধারণত বড় ধরনের ক্ষতির কারণ হয় না।


নিয়মিত প্রস্রাব চেপে রাখলে কী সমস্যা হতে পারে?

মাঝেমধ্যে অনিচ্ছায় প্রস্রাব আটকে রাখা আর নিয়মিত এই অভ্যাস চালিয়ে যাওয়া এক বিষয় নয়। দীর্ঘদিন ধরে বারবার প্রস্রাবের বেগ উপেক্ষা করলে মূত্রথলির স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে মূত্রথলি পুরোপুরি খালি করতে সমস্যা, প্রস্রাবের বেগের স্বাভাবিক ছন্দে পরিবর্তন কিংবা প্রস্রাব ধরে রাখার অসুবিধা দেখা দিতে পারে।প্রস্রাব চেপে রাখলেই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) হবে, এমন নয়। এটা যদি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে যায় এবং টানা ৩ থেকে ৪ ঘণ্টা আটকে রাখা হয়, তবে বড় বিপদের সম্ভাবনা থাকে। চিকিৎসকদের মতে, দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে ভেতরে থাকা ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত বংশবৃদ্ধি করার সুযোগ পেয়ে যায়। সেখান থেকেই মারাত্মক সংক্রমণ শুরু হয়।


কিডনির ক্ষতি হতে পারে কি?

দীর্ঘদিন ধরে মূত্রথলিতে প্রস্রাব জমে থাকা এবং মূত্রথলি খালি করতে না পারার সমস্যা গুরুতর হয়ে উঠতে পারে। বিশেষত প্রস্রাবের প্রবাহে বাধা তৈরি হলে বা মূত্রথলিতে অতিরিক্ত চাপ তৈরি হলে কিছু ক্ষেত্রে সেই চাপ কিডনির ওপরও প্রভাব ফেলতে পারে। তবে সুস্থ মানুষের এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলেই কিডনি ক্ষতিগ্রস্ত হয়, এমন ধারণা সঠিক নয়।গবেষণায় দেখা গিয়েছে, বারবার প্রস্রাব আটকে রাখলে মূত্রথলির পেশি মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়। ফলে পরবর্তীতে প্রস্রাব করার সময় মূত্রথলি সম্পূর্ণ খালি করা সম্ভব হয় না। এমনকি দীর্ঘদিনের এই বদভ্যাসের কারণে অতিরিক্ত চাপ ধীরে ধীরে কিডনির দিকে চলে যায়। যা কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর সঙ্গে প্রস্রাবের মধ্যে থাকা খনিজ পদার্থগুলো জমাট বেঁধে পাথর তৈরির মতো যন্ত্রণাদায়ক সমস্যাও ডেকে আনতে পারে।


কখন সতর্ক হবেন?

প্রস্রাবের বেগ হলে সম্ভব হলে শৌচাগারে যাওয়ার সুযোগ করে নেওয়াই ভালো। নিয়মিত দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা এড়িয়ে চলুন এবং শরীরের পানির চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পানি পান করুন। তবে প্রস্রাবের বেগ বারবার অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, প্রস্রাব করতে ব্যথা হলে কিংবা প্রস্রাব করার পরও মূত্রথলি ভরা মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন।একেবারেই প্রস্রাব করতে না পারা, বিশেষ করে তলপেটে তীব্র ব্যথা বা ফুলে যাওয়ার অনুভূতি থাকলে, জরুরি চিকিৎসা প্রয়োজন। জ্বর, কাঁপুনি, বমি বা পিঠের পাশের দিকে ব্যথার সঙ্গে প্রস্রাবের সমস্যা দেখা দিলেও দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।

সূত্র: মেডিকেল নিউজ টুডে, ইন্ডিয়া টুডে

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news