Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৪ অক্টোবর ২০২৬ | ০৮:৫৬ অপরাহ্ন

রাজশাহীতে সাহসিকতার জন্য প্রশংসায় এএসআই ফজলুর রহমান

আবুল কালাম আজাদ ২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলকে নিরাপদ, আধুনিক ও যাত্রী বান্ধব করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আরএনবি পশ্চিমের চিফ কমান্ডেন্ট (সিসিআরএনবি) মো. আশাবুল ইসলামের কঠোর নির্দেশনা, দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে স্টেশন এলাকা এবং চলন্ত ট্রেনের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত বিশেষ অভিযান ও তদারকি চালাচ্ছে আরএনবি সদস্যরা। 

চিফ কমান্ডেন্টের এই কঠোর ও সুনির্দিষ্ট নির্দেশনার বাস্তবায়নে মাঠে থেকে সাহসিকতা, অসামান্য দক্ষতা ও সততার এক অনন্য নজির স্থাপন করেছেন রাজশাহী রেলওয়ে স্টেশনের আরবিআর প্রসিকিউশন চৌকিতে দায়িত্ব পালনরত এএসআই ফজলুর রহমান।



​জীবন বাজি রেখে ছিনতাইকারী ও অস্ত্রধারী গ্রেপ্তার

​চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলামের নির্দেশনায় অপরাধীদের অপতৎপরতা রুখতে প্ল্যাটফর্মে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজশাহী স্টেশনে ঘটে যাওয়া দুটি পৃথক অপরাধমূলক ঘটনায় এএসআই ফজলুর রহমানের দ্রুত পদক্ষেপে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে এবং রক্ষা পেয়েছে উদ্ধারকৃত মালামাল।


​ল্যাপটপ উদ্ধার ও ছিনতাইকারী হাতেনাতে ধৃত:-

 গত ১৪ অক্টোবর রাজশাহী স্টেশন থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনটি ৩ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার ঠিক মুহূর্তে একজন যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে এক ছিনতাইকারী। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বপ্রাপ্ত এএসআই ফজলুর রহমান দ্রুত ধাওয়া করেন এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে গিয়ে ব্যাগসহ ছিনতাইকারীকে হাতেনাতে ঝাপটে ধরেন। আটককৃতের নাম মোঃ মানিক (গ্রাম: টুলটুলি পাড়া, থানা: রাজপাড়া, জেলা: রাজশাহী)। ব্যাগে থাকা উদ্ধারকৃত ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় এবং আসামীকে রাজশাহী রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।

​ধারালো ছুরিসহ অস্ত্রধারী আটক:-

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১৯ অক্টোবর (সোমবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ১ নম্বর প্ল্যাটফর্মে 'কপোতাক্ষ এক্সপ্রেস'-এর যাত্রীদের মধ্যে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাৎক্ষণিক তল্লাশি চালাতে গেলে ওই ব্যক্তি ব্যাগ থেকে ধারালো একটি ছুরি বের করে ফজলুর রহমানের ওপর হামলার চেষ্টা চালায়। অত্যন্ত সাহসিকতার সাথে তিনি পরিস্থিতি সামাল দেন এবং অন্য সদস্যদের সহায়তায় অস্ত্রধারী আব্দুল হামিদকে (পিতা: মো. আকছেদ আলী, গ্রাম: মেরামতপুর দিড়িপাড়া, থানা: চারঘাট, জেলা: রাজশাহী) আটক করেন। এতে করে স্টেশন এলাকা এক বড় ধরনের রক্তপাত বা অনাকাঙ্ক্ষিত অঘটন থেকে রক্ষা পায়।


​চিফ কমান্ডেন্টের নির্দেশে নিরাপত্তা ও জনসচেতনতা কর্মসূচি:-

​রেলওয়ে পশ্চিম  নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলাম পশ্চিম অঞ্চলের প্রতিটি স্টেশনকে অপরাধমুক্ত ও যাত্রী বান্ধব করার স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁর এই নির্দেশনার আলোকে এএসআই ফজলুর রহমান স্টেশনের পকেটমার, ছিনতাইকারী ও টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত ঝটিকা অভিযান চালাচ্ছেন। পাশাপাশি প্ল্যাটফর্মে অবৈধ হকার ও ভবঘুরেদের অপতৎপরতা বন্ধে ইএফটি (ইলেকট্রনিক ফাইনিং টিকিট)-এর মাধ্যমে জরিমানাও আদায় নিশ্চিত করছেন।

​শুধু স্টেশন এলাকাতেই নয়, চিফ কমান্ডেন্টের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে ট্রেন চলাচলে বড় হুমকি—চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধেও কাজ চলছে। রাজশাহী থেকে আব্দুলপুর এবং রাজশাহী থেকে কাকনহাট স্টেশন পর্যন্ত প্রতিটি মধ্যবর্তী স্টেশনে অন্তত দু'বার সরেজমিনে গিয়ে সাধারণ মানুষের মধ্যে পাথর নিক্ষেপবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন এএসআই ফজলুর রহমান।


​জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা রক্ষা:-

​ফজলুর রহমানের অদম্য সাহসিকতার নজির এবারই প্রথম নয়। কিছুদিন পূর্বে রেলওয়ের এক ঊর্ধ্বতন ক্যাডার অফিসারকে অতর্কিত হামলার হাত থেকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেই আক্রমণের শিকার হন এবং মারাত্মক শারীরিক আঘাত পান। জীবনের ঝুঁকি নিয়ে নিজ দায়িত্ব পালন করে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এই কর্মকর্তা।


​প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি:-

​রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন সততা ও নিষ্ঠার কারণে আরএনবি পশ্চিম অঞ্চলের সার্বিক কার্যক্রমে গতি এসেছে। সাধারণ যাত্রীরা ফজলুর রহমানের এই সাহস ও নিবেদিত মানসিকতার ভূয়সী প্রশংসা করছেন।


​রেলওয়ের সচেতন মহল ও সাধারণ যাত্রীদের মতে, চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলামের সুদূরপ্রসারী নেতৃত্ব যেমন বাহিনীকে কার্যকর করছে, তেমনি এএসআই ফজলুর রহমানের মতো সাহসী সদস্যদের কাজের আনুষ্ঠানিক মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক সম্মাননা প্রদান করা উচিত। এতে করে বাহিনীর অন্যান্য সদস্যরাও সততা ও নিষ্ঠার সাথে দেশসেবায় উদ্বুদ্ধ হবেন।


রাজশাহীতে সাহসিকতার জন্য প্রশংসায় এএসআই ফজলুর রহমান