Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ অক্টোবর ২০২৬
০২:৪৪ অপরাহ্ন

স্লোগানে মুখর বদলগাছী, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): Jubo Dal's founding anniversary celebration

ঢাকঢোল, স্লোগান আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নওগাঁর বদলগাছী। বর্ণাঢ্য র‍্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

 পরে বেলা ১১টায় চৌরাস্তা মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড়ের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে সংগঠিত করে দেশ গঠন ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে ভূমিকা রেখে আসছে।


বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের শক্তি ও সম্ভাবনার প্রতীক। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তাঁরা।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news