Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ অক্টোবর ২০২৬
১২:৫২ পূর্বাহ্ন

রাত পোহালেই ঠাকুরগাঁওয়ে আজ বৃহস্পতিবার ভোট, ১৮৫ কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

ঠাকুরগাঁও থেকে ফিরে কুয়েল ইসলাম সিহাত, Voting in Thakurgaon begins at midnight today, Thursday

রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া এই আসনে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে ।

নির্বাচনকে কেন্দ্র করে বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১৮৫টি কেন্দ্রের ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনি সরঞ্জাম স্ব স্ব কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের (ঠাকুরগাঁও সদর উপজেলা এবং নবগঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত) মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই উপ-নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ২১ প্লাটুন বিজিবি।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ ও নারী ৩৮ জন।

এই ভোটারের ভোটে এ আসনে শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ের হাসি- সেদিকেই এখন নজর পুরো দেশের। নির্বাচন কমিশনের জোরালো প্রস্তুতিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা সবার।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপ-নির্বাচনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবারের ভোটে নির্বাচিত হবেন এ আসনের নতুন সংসদ সদস্য।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news