Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ অক্টোবর ২০২৬
০৮:১৭ অপরাহ্ন

৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অনলাইন ডেস্ক Actress Tanya Barshi

ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ৯ মাস অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অবশেষে সেই শঙ্কা কাটিয়ে নিজের চেনা ছন্দে ফিরলেন; অর্থাৎ সেই হাসপাতালের বেড ও চার দেয়ালের ঘর পেরিয়ে এখন শুটিং ফ্লোরে অভিনেত্রী। 


মূলত, ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে কাজে ফিরলেন তিনি। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘হ্যাপি কাউ’ নিবেদিত এই নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। তার ফেসবুক টাইমলাইনেই মিলল তানিয়া বৃষ্টির নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য।


তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে ইকসান রনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’। 


‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।


এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। 


দীর্ঘ চিকিৎসা, কঠোর বিশ্রাম এবং কেমোথেরাপির মতো একটি কঠিন ও দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে। এরপর গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান। সেই সুস্থতা নিয়ে দীর্ঘ বিরতি ভেঙে অবশেষে নিজের প্রিয় আঙিনায় ফিরলেন তানিয়া বৃষ্টি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news