
রাজশাহীতে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আজ ৩১ অক্টোবর ২০২৬, শনিবার ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকারদের একজন ঋত্বিক কুমার ঘটক। ঋত্বিক কুমার ঘটক সেই ক্ষণজন্মা বাঙালি চলচ্চিত্রকারদের মধ্যে একজন যাঁর হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্বদরবারে মর্যাদার আসন পেয়েছে। তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘সুবর্ণরেখা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘অযান্ত্রিক’ এবং ‘তিতাস একটি নদীর নাম’ প্রভৃতি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্রকারের এসব চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের পাঠ্য হিসেবে স্বীকৃত। ১৯২৫ সালের ৪ নভেম্বর এই চলচ্চিত্রকার জন্মগ্রহণ করেন। আগামী ৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ এই নির্মাতার ১০১তম জন্মবার্ষিকী।
রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবর্ষ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে ১৩ সদস্য বিশিষ্ট ১০১তম জন্মবর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর ২০২৬ এই ১০১তম জন্মবর্ষ উদযাপন করা হবে। এই দিন ঋত্বিক কুমার ঘটকের বসতভিটায় (যার একাংশ এখন রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল) গণসঙ্গীত, ঋত্বিক আলোচনা ও ঋত্বিক কুমার ঘটক পরিচালিত চলচ্চিত্র ‘তিতাস একটি নদীর নাম’ প্রদর্শন করা হবে।
১০১তম জন্মবর্ষ উদযাপন কমিটিতে আহ্বায়ক হিসেবে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ এবং সদস্য সচিব হিসেবে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ঋত্বিক শতবর্ষ উদযাপন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- যুগ্ম সদস্য সচিব, আননাবা কবীর প্রকৃতি; ফেস্টিভ্যাল ডিরেক্টর, হাসিবুল হাসনাত রিজভি; ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর, নাদিম সিনা এবং মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, পলি রানী প্রামানিক।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে- তাহমিদ জাকি, সাবিত্রী হেমব্রম, সালমান ফার্সি, রাকিব হাসান বাপ্পি, তামিম তুলি, মাইনুল ইসলাম টিপু, এবং সাব্বির হোসেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এই দায়িত্বপ্রাপ্ত ঋত্বিক ১০১তম জন্মবর্ষ উদযাপন কমিটি ১০১তম জন্মবর্ষ উদযাপন আয়োজনের যাবতীয় দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।