সারাদেশে তিন মাসব্যাপী প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমভিত্তিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। এর অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নওহাটা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী এবং এলজিইডির প্রকল্পের আওতাধীন পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
অভিযানে উপজেলা পরিষদ প্রাঙ্গণের রাস্তা, ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি ময়লা-আবর্জনা অপসারণ এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি সরিয়ে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠকসহ বিভিন্ন প্রচার-প্রচারণামূলক কার্যক্রমও চালানো হচ্ছে। পাশাপাশি বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, ড্রেন ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নওহাটা পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।