Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ নভেম্বর ২০২৬
১২:৫১ অপরাহ্ন

‘গুলশানের চামেলি’ থেকে সরে যাননি মধুমিতা, শুটিং শুরু ডিসেম্বরে

অনলাইন ডেস্ক Actress Madhumita

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে নিয়ে নির্মাণ হচ্ছে ‘গুলশানের চামেলি’। গত আগস্টে ঢাকায় সিনেমাটির মহরতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছিলেন তিনি। তবে কিছুদিন ধরে গুঞ্জন, সিনেমাটি থেকে নাকি সরে দাঁড়িয়েছেন মধুমিতা। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক মোহাম্মাদ ইকবাল। 


এ বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘এসব কথা কে বলেছে, আমি জানি না। ডিসেম্বর থেকে আমাদের শুটিং শুরু হবে। ১ ডিসেম্বর এফডিসির ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব।’


নায়িকার সিনেমা ছেড়ে যাওয়ার গুঞ্জন নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন পরিচালক। বরং এমন আলোচনা সিনেমাটির প্রচারে কাজে এসেছে বলেই মনে করেন তিনি। ইকবালের ভাষায়, ‘এই যে কথাগুলো ছড়িয়েছে, এতে আমারই ভালো হয়েছে। পাবলিসিটি পেয়েছে।’


এদিকে অভিনেত্রী মধুমিতা সরকার এক সংবাদ মাধ্যমে এ গুঞ্জন উড়িয়ে নিজের অবস্থানের কথা বলেছেন। তার ধারণা, একটা চক্র পরিকল্পনা করে সিনেমা থেকে তার সরে দাঁড়ানোর কথা ছড়াচ্ছে। 


পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। বাংলাদেশেও অভিনয় করেছেন নাটকে। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।


প্রায় পাঁচ বছর আগে ‘গুলশানের চামেলি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। তবে নানা কারণে এত দিন শুরু হয়নি শুটিং। অবশেষে আগামী ১ ডিসেম্বর থেকে সিনেমাটির ক্যামেরা চালুর কথা জানিয়েছেন পরিচালক। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটিতে আরও অভিনয় করার কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news