বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই এনেছে স্যামসাং। গ্যালাক্সি এস২৬ এফই-তে যুক্ত করা হয়েছে ওয়ান ইউআই ৯ ইউজার ইন্টারফেস। এতে রয়েছে গ্যালাক্সি এআইয়ের বিভিন্ন সুবিধা, উন্নত ক্যামেরা ব্যবস্থা এবং ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। দৈনন্দিন কাজ, ছবি তোলা ও বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে স্মার্টফোনটিতে এসব সুবিধা যুক্ত করা হয়েছে।
ফোনে থাকা গুগলের সার্কেল টু সার্চ সুবিধার মাধ্যমে একটি ছবিতে থাকা একাধিক বস্তু একসঙ্গে খুঁজে নেওয়া যাবে। এ ছাড়া গ্যালাক্সি এআইয়ের হালনাগাদ ফিচারগুলো বিভিন্ন অ্যাপ ও নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের নিজস্ব পছন্দ অনুযায়ী তথ্য ও সময়োপযোগী পরামর্শ দেবে। এতে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে আরও সহজে।
ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং তিন গুণ অপটিক্যাল জুম সুবিধার ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। কম আলোতে ভালো ছবি তোলার জন্য আছে নাইটোগ্রাফি সুবিধা। আর চলার পথে ভিডিও ধারণের সময় ভিডিও স্থির ও সমতল রাখতে সহায়তা করবে এর ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ ফিচার।
ছবি তোলার বাইরেও ক্যামেরায় রয়েছে আরও বেশ কিছু আধুনিক ফিচার। এর মাই ফ্যানক্যাম ফিচার ছবি তোলার সময় ক্যামেরায় থাকা ব্যক্তিকে অনুসরণ করে এবং তিনি নড়াচড়া করলেও তাঁকে ছবির মাঝখানে রাখতে ফ্রেম স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নেয়। ফটো অ্যাসিস্ট সুবিধায় সাধারণ ভাষায় নির্দেশনা লিখে ছবিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা যাবে।
গ্যালাক্সি এস২৬ এফইতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। ফোনটির ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সাপোর্ট করে ৪৫ ওয়াটের তারযুক্ত চার্জিং সুবিধা। ৪৫ ওয়াটের চার্জার ব্যবহার করে প্রায় ৩০ মিনিটে ব্যাটারির চার্জ শূন্য থেকে ৬৯ শতাংশ পর্যন্ত তোলা যায়।
সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটিতে সর্বোচ্চ সাত প্রজন্মের অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড এবং সাত বছর পর্যন্ত সিকিউরিটি আপগ্রেড দেবে স্যামস্যাং।
গ্যালাক্সি এস২৬ এফই (৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ) বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকায়। ফোনটির উদ্বোধন উপলক্ষে গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে থাকছে ২ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস। এ ছাড়া ক্রেতারা ৯ মাস অথবা ১৮ মাসের মেয়াদে শূন্য শতাংশ ইএমআই সুবিধা পাবেন। পাশাপাশি, ৯ মাসের ইএমআই সুবিধা গ্রহণ করলে গ্রাহকেরা বিনামূল্যে একটি জেবিএল ক্লিপ ৫ পোর্টেবল স্পিকারও পাবেন।