Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রবৃদ্ধি কমে যাওয়ায় ক্যানভায় বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক Big changes at Canva as growth slows

জনপ্রিয় গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা তাদের কর্মী ও সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২২ শতাংশ বা ১ হাজার ২৭১টি পদ এই পুনর্গঠনের আওতায় আসছে। প্রবৃদ্ধি কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো ক্যানভার প্রবৃদ্ধির গতি কমেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো, কর্মীদের অবস্থান এবং জনবল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে। তবে ১ হাজার ২৭১টি পদের সবগুলোতেই কর্মী ছাঁটাই করা হচ্ছে না। এর মধ্যে চাকরি হারানো, দায়িত্ব পরিবর্তন এবং অন্য স্থানে স্থানান্তরের বিষয়ও রয়েছে।


ক্যানভার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিনস জানান, প্রতিষ্ঠানের কাজের ধরন আরও সহজ ও কার্যকর করতে এ পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে পণ্য উন্নয়ন, প্রবৃদ্ধি এবং প্রযুক্তি প্ল্যাটফর্ম–সংশ্লিষ্ট দলগুলোকে একীভূত করে একটি পণ্য বিভাগ গঠন করা হবে। এতে বিভিন্ন দলের মধ্যে কাজ হস্তান্তরের ধাপ কমবে এবং কর্মীরা নিজেদের কাজের দায়িত্ব আরও ভালোভাবে নিতে পারবেন।


এ ছাড়া ব্যবস্থাপনার স্তর কমানো এবং দায়িত্বের পুনর্বিন্যাস করা হবে। সিদ্ধান্ত গ্রহণ ও জবাবদিহি বাড়ানোও এ উদ্যোগের লক্ষ্য।


ক্যানভা তাদের পণ্য উন্নয়ন দলের প্রধান কর্মস্থল হিসেবে সিডনিকে আরও বেশি গুরুত্ব দিতে চায়। এ কারণে কিছু কর্মীকে সিডনিতে স্থানান্তরিত হতে বলা হবে। আগামী জানুয়ারি থেকে হাইব্রিড পদ্ধতিতে কাজ করা অধিকাংশ কর্মীকে সপ্তাহে দুই থেকে তিন দিন অফিসে উপস্থিত থাকতে হবে।


পুনর্গঠনের কারণে যাদের প্রতিষ্ঠান ছাড়তে হবে তাদের ভবিষ্যৎ উদ্যোগের জন্য ১০ হাজার ডলার করে অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে ক্যানভা।


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং ব্যবসায়িক প্রয়োজনের পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো কর্মী ও সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনছে। গত মার্চে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাটলাসিয়ান এআই খাতে বিনিয়োগ বাড়াতে ১ হাজার ৬০০ কর্মী ছাঁটাই করে। এ বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার আরেক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়াইজটেক গ্লোবালও দুই বছর মেয়াদি পুনর্গঠনের অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় এক-তৃতীয়াংশ কর্মী কমানোর ঘোষণা দেয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news