Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ নভেম্বর ২০২৬
০৪:২০ অপরাহ্ন

সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী আটক

নিজস্ব প্রতিনিধি :- Iqbal Sobhan Chowdhury

সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা  ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 


তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। 


এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেসক্লাবে দেখা যায়।


দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্বে ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।


সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরে শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news