
আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব গত বুধবার (৪ নভেম্বর) অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
ট্রেনটি ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে।
ট্রেনটি পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।
ট্রেন দুটি আপ ও ডাউন উভয় পথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
আগামী ১৯ নভেম্বর বিকেলে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সংগতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে নতুন এ ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে দীর্ঘ প্রতীক্ষিত আন্তঃনগর রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে।