পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং অসম্মান করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানকারী কুচক্রীদের তীব্র নিন্দা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো বীর মুক্তিযোদ্ধার পরিচয় ও সম্মান নিয়ে বিতর্ক সৃষ্টি করে তাঁর শেষ বিদায়ে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয়ভাবে পুনরায় গার্ড অব অনার দেওয়ার এবং এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডার আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোজাম্মেল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি ইউনুস শেখ প্রমুখ।
এ সময় জেলার পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ বিভিন্ন ইউনিটের কমান্ডাররা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী ইন্তেকাল করার পর তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদেই পঞ্চগড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।