দুই সন্তানকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেও শেষ রক্ষা করতে পারেননি বাবা মোহাম্মদ কবির। মাত্র দুই দিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তিনি।
বোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর আরবের মৃত্যুর খবর জানান বাবা মোহাম্মদ কবির।
তিনি বলেন, ‘ভাই আমার ছোট ছেলেটাও চলে গেছে। আধঘণ্টা আগে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমি কী নিয়ে থাকব এখন?’
রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট্ট আবু বক্কর আরব। ডেঙ্গুর পাশাপাশি শিশুটি হাম ও নিউমোনিয়ার উপসর্গেও ভুগছিল বলে জানা গেছে।
এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে একই হাসপাতালে মারা যায় আরবের বড় ভাই ১০ বছর বয়সী মোহাম্মদ আরাফাত।
চিকিৎসকরা জানান, আরাফাতও ডেঙ্গুতে আক্রান্ত ছিল এবং পরবর্তীতে তার শরীরেও হাম ও নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়।
পরিবার সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহ ধরে অসুস্থ দুই সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়িয়েছেন মোহাম্মদ কবীর ও তার স্ত্রী আয়েশা বেগম। বড় ছেলে আরাফাতকে প্রথমে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শেষ পর্যন্ত তাকে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার মারা যায় আরাফাত।
ধারদেনা করে দুই সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছিলেন কবির ও আয়েশা। সন্তানদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত শূন্য হাতে হাসপাতাল ছাড়তে হচ্ছে এই দম্পতিকে।