Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ নভেম্বর ২০২৬
০৮:৫৩ অপরাহ্ন

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল, জিয়া পরিষদ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক Zia Parishad leader expelled

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করে বক্তব্য দেওয়ায় হট্টগোলের ঘটনায় জিয়া পরিষদের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম মারুফ হাসান। তিনি জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক ছিলেন।


রোববার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। সোমবার দুপুরে অধ্যাপক আমিনুর রহমান বকুল তার ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মারুফ হাসান সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করেন। এতে উপস্থিত ব্যক্তিরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে ৮ নভেম্বর থেকে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

‎

বহিষ্কারের বিষয়ে জিয়া পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মান-মর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।


বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন মারুফ হাসান। তিনি বলেন, আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।

‎

‎এর আগে গত ৭ নভেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আলোচনা সভার ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে তার ছবি-সংবলিত একটি পোস্টার ব্যানারে সাঁটানোর পর অনুষ্ঠান শুরু হয়। এ ঘটনায় নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর সভা শুরু হয়। সভায় বক্তব্য দেওয়ার সময় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করেন মারুফ হাসান। পরে আবারও হট্টগোল শুরু হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ উত্তেজিত হয়ে মঞ্চের ডায়াসের দিকে তেড়ে যান।


ঘটনার পর জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


‎ওই ঘটনার পর শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয় জেলা ছাত্রদল। আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক নীরব ছিলেন বলে অভিযোগ করে সংগঠনটি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news