
আয়রন মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান। শরীরে হিমোগ্লোবিন তৈরিতে এর ভূমিকা অপরিসীম। হিমোগ্লোবিন রক্তের লোহিত কণিকার একটি প্রোটিন, যা ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়। তাই শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে স্বাভাবিকভাবেই অক্সিজেন পরিবহনের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ফলে দেখা দেয় রক্তস্বল্পতা বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া।
বর্তমানে অনেকেই শারীরিক দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, চুল পড়া, নখ ভেঙে যাওয়া কিংবা ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়ার সমস্যায় ভুগছেন। এসব সমস্যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তবে কিছু ক্ষেত্রে আয়রনের ঘাটতিও দায়ী হতে পারে। বিশেষ করে নারী, অন্তঃসত্ত্বা মা এবং শিশুদের মধ্যে এ ঘাটতির ঝুঁকি বেশি। তাই শরীরে আয়রনের ঘাটতি হলে কী কী লক্ষণ দেখা দেয়, কেন এমন হয় এবং কীভাবে তা প্রতিরোধ করা যায়, তা জানা জরুরি।
আয়রনের ঘাটতির কারণ
খাদ্যতালিকায় পর্যাপ্ত আয়রনসমৃদ্ধ খাবার না থাকা আয়রনের ঘাটতির অন্যতম কারণ। নিয়মিত খাবার খেলেও তাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান না থাকলে শরীরে আয়রনের অভাব দেখা দিতে পারে।
এছাড়া গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও বিকাশের জন্য মায়ের শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায়। সন্তান জন্মের পর স্তন্যদানকারী মায়েরও পুষ্টির দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত ঋতুস্রাবের কারণে নারীদের শরীর থেকে বেশি রক্তক্ষরণ হলেও আয়রনের ঘাটতি হতে পারে।
কিছু শারীরিক সমস্যাও আয়রনের ঘাটতির জন্য দায়ী। যেমন-সিলিয়াক ডিজিজ, পরিপাকতন্ত্রের প্রদাহ, পাকস্থলীর অস্ত্রোপচার, পাইলস বা পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ। দীর্ঘদিন ধরে কিছু ওষুধ সেবনের কারণেও আয়রন শোষণে সমস্যা হতে পারে। এছাড়া কৃমির সংক্রমণ এবং দীর্ঘস্থায়ী রক্তক্ষরণও আয়রনের ঘাটতি তৈরি করতে পারে।
আয়রনের ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয়
সারাক্ষণ ক্লান্তি ও দুর্বলতা
পর্যাপ্ত ঘুম ও খাবার গ্রহণের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজে মনোযোগ কমে যায় কিংবা শরীরে শক্তি পাওয়া না যায়, তবে এটি আয়রনের ঘাটতির লক্ষণ হতে পারে।
অতিরিক্ত চুল পড়া
চুল পড়ার পেছনে হরমোনের পরিবর্তন, পুষ্টির অভাবসহ নানা কারণ রয়েছে। তবে আয়রনের ঘাটতিও চুল পড়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে। চুল পাতলা হয়ে যাওয়া বা স্বাভাবিকের তুলনায় বেশি চুল পড়লে বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
নখ দুর্বল ও ভঙ্গুর হওয়া
আয়রনের ঘাটতি বেশি হলে নখ ভেঙে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে নখ চামচের মতো বাঁকাও হয়ে যেতে পারে। একে কোইলোনাইকিয়া বলা হয়।
মাথা ঘোরা ও মাথাব্যথা
শরীরে হিমোগ্লোবিন কমে গেলে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ব্যাহত হতে পারে। এর ফলে মাথা ঘোরা, মাথাব্যথা কিংবা মনোযোগের সমস্যা দেখা দিতে পারে।
ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া
আয়রনের ঘাটতির কারণে রক্তস্বল্পতা দেখা দিলে মুখ, ঠোঁট, চোখের ভেতরের অংশ কিংবা ত্বক স্বাভাবিকের তুলনায় ফ্যাকাসে লাগতে পারে।
শ্বাসকষ্ট ও বুক ধড়ফড়
শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে হাঁটাচলা বা সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্ট হতে পারে। হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা বুক ধড়ফড় করার সমস্যাও দেখা দিতে পারে।
হাত-পা ঠান্ডা অনুভব হওয়া
আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতায় কারও কারও হাত-পা ঠান্ডা লাগতে পারে। এছাড়া জিহ্বায় ব্যথা, মুখের কোণে ঘা এবং বরফ বা মাটির মতো অখাদ্য জিনিস খাওয়ার প্রবণতাও দেখা দিতে পারে।
আয়রনের ঘাটতি পূরণে যেসব খাবার খাবেন
আয়রনের ঘাটতি প্রতিরোধে প্রতিদিনের খাদ্যতালিকায় আয়রনসমৃদ্ধ খাবার রাখা জরুরি। প্রাণিজ উৎসের মধ্যে গরু ও খাসির মাংস, কলিজা, মুরগির মাংস, মাছ এবং সামুদ্রিক খাবারে আয়রন পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎসের মধ্যে কচুশাক, পালংশাক, অন্যান্য সবুজ শাকসবজি, ডাল, ছোলা, মটরশুঁটি, কুমড়ার বীজ, বাদাম ও কিশমিশ উল্লেখযোগ্য। এসব খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
তবে উদ্ভিজ্জ খাবারের আয়রন শরীর তুলনামূলক কম শোষণ করে। তাই আয়রন শোষণ বাড়াতে ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। লেবু, পেয়ারা, কমলা, আমলকি ও টমেটো এ ক্ষেত্রে সহায়ক। অন্যদিকে খাবারের সঙ্গে চা-কফি পান করলে আয়রন শোষণ কমতে পারে। তাই আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে সঙ্গে চা-কফি না খাওয়াই ভালো।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ দেখা দিলে নিজে থেকে আয়রন ট্যাবলেট বা সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়। কারণ রক্তস্বল্পতার পেছনে আয়রনের ঘাটতি ছাড়াও ভিটামিন বি১২, ফলেটের অভাব কিংবা অন্য কোনো রোগ দায়ী হতে পারে। চিকিৎসকের পরামর্শে রক্তের হিমোগ্লোবিন ও ফেরিটিন পরীক্ষা করে ঘাটতির কারণ নির্ণয় করা প্রয়োজন।
ঘাটতি ধরা পড়লে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট দিতে পারেন। অতিরিক্ত আয়রন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নির্ধারিত মাত্রা ও সময় মেনে ওষুধ গ্রহণ করতে হবে।
সূত্র: হেলথ লাইন, এনডিটিভি, মায়ো ক্লিনিক