রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্ণয়ের অতি গুরুত্বপূর্ণ উপকরণ—এক্স-রে ফিল্ম ও রক্ত পরীক্ষার ভ্যাকুটেইনার টিউব—সরবরাহে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অনুমোদিত ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে বাজারে প্রচলিত নকল বা নিম্নমানের এক্স-রে ফিল্ম সরবরাহের পাশাপাশি কার্যাদেশের শর্ত ভঙ্গ করে প্রায় ৩০ শতাংশ কম দামি বিদেশি টিউব সরবরাহের সত্যতা মিলেছে। অবিশ্বাস্য হলেও সত্যি, মানহীন এসব চিকিৎসা উপকরণ ইতোমধ্যে হাসপাতালে ব্যবহার করা শুরু হয়েছে এবং এর বিপরীতে সরকারি বিল পরিশোধের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, এক্স-রে ফিল্ম সরবরাহের কার্যাদেশ পেয়েছিলেন রাজশাহীর ঠিকাদার মতিউর রহমান। গত ২৬ সেপ্টেম্বর তাঁকে ১০ বাই ১৪ ইঞ্চি আকারের ২০০ প্যাকেট এবং ১৪ বাই ১৭ ইঞ্চি আকারের ৮৫ প্যাকেট ফিল্ম সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়। গত ১০ অক্টোবর তিনি এসব সামগ্রী হাসপাতালে জমা দেন। প্রতি ছোট প্যাকেট ২৫ হাজার ৬২৫ টাকা এবং বড় প্যাকেট ২৫ হাজার টাকা ধরে মোট ৭২ লাখ ৫০ হাজার টাকার বিল জমা দিয়েছে তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্যাকেটের গায়ে জাপানি ব্র্যান্ড ‘ফুজি ফিল্ম’-এর লোগো ও মোড়ক থাকলেও এটি তাদের সরবরাহকৃত পণ্য নয় বলে জোরালো দাবি করেছে বাংলাদেশে ফুজি ফিল্মের একমাত্র পরিবেশক ‘মেডি গ্রাফিক ট্রেডিং লিমিটেড’। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা রামেক হাসপাতালে এসে সরবরাহ করা ফিল্মগুলো পরীক্ষা করেন।
প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) রিফাত হাসান জানান, “বাংলাদেশে ফুজি ফিল্মের একমাত্র পরিবেশক আমদের প্রতিষ্ঠান। দেশের যেকোনো প্রান্তে এই ব্র্যান্ডের পণ্য সরবরাহ করা হোক না কেন, তা আমাদের মাধ্যমেই আসার কথা। কিন্তু রামেক হাসপাতালে সরবরাহ করা ফিল্ম আমাদের মাধ্যমে যায়নি।
তাঁর শঙ্কা, বিশ্বের বিভিন্ন দেশে ফুজির মোড়ক ব্যবহার করে যে নকল বা সাব-স্ট্যান্ডার্ড ফিল্ম তৈরি করা হয়, এটি তারই অংশ। এসব নকল ফিল্ম আসল পণ্যের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম দামে বিক্রি হয়। এ ধরনের নিম্নমানের ফিল্মে তোলা এক্স-রে ছবির মান অত্যন্ত খারাপ হয়, অল্প সময়ে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং সবচেয়ে বড় কথা—এগুলো ব্যবহারে লাখ লাখ টাকার মূল্যবান এক্স-রে যন্ত্রও স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার মতিউর রহমান। তিনি দাবি করেন, “ফিল্ম কখনো নকল হয় না। সন্দেহ থাকলে নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা যেতে পারে।” অনুমোদিত পরিবেশকের কাগজপত্র ছাড়াই কীভাবে কাজ পেলেন—এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর না দিয়ে তিনি জানান বর্তমানে তিনি মানিকগঞ্জে আছেন, সরাসরি দেখা হলে বিষয়টি ব্যাখ্যা করবেন।
এদিকে রক্তের নমুনা সংগ্রহে ব্যবহৃত ভ্যাকুটেইনার টিউব সরবরাহেও জালিয়াতির প্রমাণ মিলেছে। ‘গেটওয়ে ইন্টারন্যাশনাল’ নামের অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত ২৬ সেপ্টেম্বর আড়াই লাখ টিউব সরবরাহের কার্যাদেশ পায় এবং ১০ অক্টোবর তা হাসপাতালে জমা দেয়।
চুক্তির শর্ত অনুযায়ী দেশীয় স্বনামধন্য ব্র্যান্ড ‘জেএমআই’ অথবা ‘এএনসি’-র টিউব সরবরাহের কথা থাকলেও, আড়াই লাখ টিউবের মধ্যে ১ লাখ ৪০ হাজার পিসই দেওয়া হয়েছে চীনের নিম্নমানের ‘জিআর’ ব্র্যান্ডের। এর মধ্যে সিরাম পরীক্ষার জন্য ৭০ হাজার লাল রঙের এবং সিবিসি পরীক্ষার জন্য ৭০ হাজার বেগুনি রঙের টিউব রয়েছে।
রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, জেএমআই বা এএনসির তুলনায় জিআর ব্র্যান্ডের টিউবের বাজারমূল্য প্রায় ৩০ শতাংশ কম। কম দামি এই পণ্য দিয়েই প্রতিষ্ঠানটি ২০ লাখ টাকার বিল উত্তোলনের প্রক্রিয়া শুরু করেছে।
এ বিষয়ে গেটওয়ে ইন্টারন্যাশonal-এর স্বত্বাধিকারী সোহেল রানার দাবি, নির্ধারিত সময়ে জেএমআই কোম্পানির পর্যাপ্ত পণ্য না থাকায় এবং হাসপাতালে জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষের ‘মৌখিক সম্মতিতে’ প্রথম দফায় এই টিউব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে জেএমআইয়ের টিউবও নাকি সরবরাহ করা হয়েছে।
হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এই পুরো কেনাকাটার নেপথ্যে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ও হাসপাতালের উপপরিচালক ডা. হাসানুল হাসিব এবং কমিটির সদস্য সহকারী পরিচালক (অর্থ) ডা. গোলাম রব্বানীর সঙ্গে ঠিকাদারদের গোপন সমঝোতার ফলেই কম দামি ও মানহীন পণ্য গ্রহণের এই সুযোগ তৈরি হয়েছে।
এমনকি ফুজি ফিল্ম সরবরাহের ক্ষেত্রে পরিবেশকের কোনো ধরনের অনুমোদনপত্র বা বৈধ কাগজপত্র ছাড়াই মতিউর রহমানের প্রতিষ্ঠানকে কার্যাদেশ পাইয়ে দেওয়া হয়। পাশাপাশি জরুরি প্রয়োজনের অজুহাত দেখিয়ে প্যাথলজি বিভাগের প্রধান ডা. সাবেরা খাতুনও চীনের জিআর ব্র্যান্ডের টিউব গ্রহণে অনৈতিক সম্মতি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
সার্বিক অনিয়মের বিষয়ে জানতে চাইলে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ও হাসপাতালের উপপরিচালক ডা. হাসানুল হাসিব বলেন, “টেন্ডারের মাধ্যমেই মালামাল কেনা হয়। নিয়ম অনুযায়ী কাগজপত্র ঠিক থাকলে মালামাল গ্রহণ করা হয়। এর বেশি কিছু জানতে হলে হাসপাতালের মুখপাত্র অথবা পরিচালকের সঙ্গে কথা বলুন।
রোগীদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সরাসরি জড়িত এমন স্পর্শকাতর মেডিকেল সামগ্রী ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির এই ঘটনায় স্থানীয় সুশীল সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।