Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১০ নভেম্বর ২০২৬ | ০৩:৪৩ অপরাহ্ন

বিমানবন্দরে গ্রেনেড আতঙ্কে পেছনের গেট দিয়ে বের হলেন মন্ত্রী, আগুন ও সংঘর্ষে অস্থির রাজশাহী

আবুল কালাম আজাদ ১০ নভেম্বর ২০২৬

বিস্ফোরক উদ্ধার, রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মঙ্গলবার দিনভর চরম উত্তপ্ত ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করেছে পদ্মাপাড়ের শান্ত শহর রাজশাহীতে।

রাজশাহী ​শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের পর সফররত মন্ত্রীকে বিকল্প পথে নিরাপদ গন্তব্যে পৌঁছানো, বিএনপি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগ, মহাসড়কে ককটেল বিস্ফোরণসহ নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের দুই শীর্ষ নেতা অবরুদ্ধ হয়ে লাঞ্ছিত ও পুলিশের হাতে গ্রেপ্তার—সব মিলিয়ে একাধিক অঘটনে রাজশাহীজুড়ে এক থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

​​বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের ফটক দিয়ে মন্ত্রীকে উদ্ধার:-

​মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সড়কপথে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যাত্রাবিরতি করছিলেন।

​মন্ত্রী পৌঁছানোর ঠিক পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনের প্রধান সড়কে দুটি সন্দেহজনক গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন এক স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে পুলিশ দ্রুত স্থানটি কর্ডন করে নিরাপত্তা জোরদার করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ মন্ত্রীকে মূল ফটক ব্যবহার করতে না দিয়ে পেছনের গেট দিয়ে নিরাপদে বের করে বগুড়ার উদ্দেশ্যে বিদায় জানায়।

​রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, উদ্ধার করা বস্তুদুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিরাপদ স্থানে স্রেফ সরানো হয়েছে। পরীক্ষা শেষে নিশ্চিত হয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

​রামেক হাসপাতালে অবরুদ্ধ ও ডিম নিক্ষেপ-গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতা:-

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে ইন্টার্নশিপ স্থগিত হওয়া রামেক শাখা ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান মঙ্গলবার সকালে দুই বছর পর রামেক হাসপাতালে এলে ব্যাপক ক্ষোভের মুখে পড়েন। সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের পাশে অপেক্ষাকক্ষে তাঁদের দেখে অবরুদ্ধ করে ফেলে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

​খবর পেয়ে পুলিশ, ডিবি, সিআরটি ও র‍্যাব সদস্যরা হাসপাতালে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের উদ্ধার করে পরিচালকের কক্ষ থেকে বের করে আনেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও গণধোলাই দেয়। পরে সিআরটি ও পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়।

​রামেক হাসপাতালের মুখপাত্র ড. শেখ শামীম আহমেদ জানান, স্থগিতের সময়সীমা শেষে অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়া তাঁদের সরাসরি হাসপাতালে আসার নিয়ম ছিল না। 

আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান নিশ্চিত করেছেন যে, ছাত্রলীগ নেতা শুভ ও নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

​তানোরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ:-

​রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে ভোররাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

একতলা ভবনের একটি দোকানঘরে স্থাপিত এই কার্যালয়টিতে আগুন লাগায় ভেতরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

​উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করেন, নৈরাজ্য সৃষ্টির অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁদের সর্ববৃহৎ কার্যালয়টি লক্ষ্য করে আগুন দিয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও তানোর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​গভীর রাতে মহাসড়কে নৈরাজ্য: ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিল:-

​সোম ও মঙ্গলবার মধ্যরাতের ব্যবধানে নগরের একাধিক স্থানে নাশকতা ও ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত  রাত ১২টার দিকে নগরের অভয়ের মোড় এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার পর তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও প্রকাশ করে।

​অন্যদিকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নগরের খড়খড়ি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস সড়কে পবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে ১০-১২ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। এছাড়া একই রাতে নগরের ছোটবনগ্রাম এলাকায় সড়কে দুটি হাতবোমার (ককটেল) বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতকারীরা।

​চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম ও শাহমখদুম থানার ওসি আকবর আলী জানান, আলামত সংগ্রহ করা হয়েছে এবং এসব বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।




বিস্ফোরক উদ্ধার, রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মঙ্গলবার দিনভর চরম উত্তপ্ত ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করেছে পদ্মাপাড়ের শান্ত শহর রাজশাহীতে।