Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন

অনলাইন ডেস্ক স্বাস্থ্য প্রতিমন্ত্রী MA Muhit

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। এসব শিক্ষার্থীর চিকিৎসায় ইতোমধ্যে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে এসে প্রতিমন্ত্রী বলেন, যারা চিকিৎসাধীন আছে তাদের পরিচর্যার জন্য দুটি মেডিকেল বোর্ড ইতোমধ্যেই গঠন করা হয়েছে। তাদের যত রকমের পরীক্ষা-নিরীক্ষা লাগছে, সেগুলো ফ্রি করে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে ১৩-১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলেও জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা মাদ্রাসা ভবনের দোতলায় আগুন লাগে।

এতে ওই ফ্লোরে থাকা লাইব্রেরি পুড়ে গেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মাদ্রাসার শিক্ষকদের ধারণা, মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এসময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এ ঘটনায় অসুস্থ ৭৯ জনকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়, যাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসকরা বলেছেন, শিক্ষার্থীদের কারো শরীরে দগ্ধ নেই, তবে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, এ অগ্নিকাণ্ডের ফলে শিক্ষার্থীদের শ্বাসনালিতে বড় ধরনের সমস্যা হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাদের শ্বাসনালিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, মাদ্রাসাটি বহুতল একটা ভবন, দোতলায় একটা লাইব্রেরি ছিল এবং প্রশাসনিক অংশটা ছিল। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূচনা। তিন-চারতলায় মাদ্রাসার ছাত্ররা ছিল। উপরের দিকে ধোঁয়া ব্যাপক আকারে যাওয়ায় তাদের শ্বাসনালি ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিমন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা শুরু থেকেই অত্যন্ত যত্ন সহকারে তাদের চিকিৎসা দিয়েছেন। আমাদের চিকিৎসকরা দুইটা মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা রোগীকে নিবিড় পরিচর্যায় যথাযথভাবে চিকিৎসা দিচ্ছেন। অনেকেই মোটামুটি রিকভার করছে। আমরা আশা করি, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে আমরা ছুটি দিয়ে দিতে পারব। বাকি যারা আছে তারা এখন পর্যন্ত ভালো আছে।

আইসিইউতে থাকা ৪ শিক্ষার্থীর বিষয়ে এম এ মুহিত বলেন, তাদের আইসিইউতে যথাযথভাবে দেখা হচ্ছে, ইনশাআল্লাহ তারাও রিকভার করবে।

এ ধরনের অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে মন্তব্য করে তিনি এ বিষয়ে সবার সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসঙ্গে বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত সেবা ঢাকার বাইরেও বিকেন্দ্রীকরণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news