Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ নভেম্বর ২০২৬
০৬:৩৫ অপরাহ্ন

বিদায়ের পর আবারও আর্জেন্টিনায় ফিরছেন মেসি

অনলাইন ডেস্ক Lionel Messi

মাত্র এক মাস আগে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো নেমেছিলেন লিওনেল মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে সেদিন ছিল আবেগঘন বিদায়ের আয়োজন।

তবে জাতীয় দলকে বিদায় জানালেও প্রিয় সেই মাঠে খুব শিগগিরই ফিরতে পারেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। আগামী জানুয়ারিতে রিভার প্লেটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে তার ক্লাব ইন্টার মায়ামি।


সবকিছু ঠিক থাকলে এবার ভিন্ন জার্সিতে আর্জেন্টিনার দর্শকদের সামনে হাজির হবেন মেসি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের বিষয়ে আলোচনা চলছে রিভার প্লেট ও ইন্টার মায়ামির মধ্যে।


যদিও দুই ক্লাবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ম্যাচটি আয়োজনের সম্ভাবনা বেশ জোরালো বলে জানিয়েছেন ইন্টার মায়ামির কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেস।


এমএলএসে শার্লটের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর সম্ভাব্য এই প্রীতি ম্যাচ নিয়ে কথা বলেন আর্জেন্টাইন কোচ।


‘আমার কাছে মনে হচ্ছে, বিষয়টি প্রায় নিশ্চিত। এটি খুবই জোরালো সম্ভাবনা। রিভারের মতো আর্জেন্টিনার ক্লাবের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া অবশ্যই ভালো ব্যাপার। যদিও সেই পর্যায়ে পৌঁছাতে এখনও অনেক পথ বাকি।’


২০২৭ মৌসুম সামনে রেখে আন্তর্জাতিক সফরের পরিকল্পনা করছে ইন্টার মায়ামি। প্রাক্-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ও সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ খেলতে চায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি।


মূলত নতুন মৌসুমের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের প্রস্তুতি যাচাই করতে চায় মায়ামি। পাশাপাশি বিভিন্ন দেশে ক্লাবটির পরিচিতি বাড়ানোও এই সফরের অন্যতম উদ্দেশ্য।


আগামী ফেব্রুয়ারিতে এমএলএসের অন্তর্বর্তীকালীন মৌসুমে অংশ নেবে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের সূচি ইউরোপের প্রধান লিগগুলোর মতো জুলাই থেকে মে পর্যন্ত করার সিদ্ধান্তের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হচ্ছে।


এ ছাড়া আগামী মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও খেলবে মেসির দল।


অন্যদিকে, ২৪ জানুয়ারি শুরু হওয়ার কথা আর্জেন্টিনার ঘরোয়া প্রতিযোগিতা আপের্তুরা। ফলে রিভার প্লেটের জন্যও ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচটি হতে পারে নতুন মৌসুম শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচ।


তবে ২০২৭ সালের জন্য এখনও প্রধান কোচ চূড়ান্ত করেনি রিভার প্লেট। প্রাক্-মৌসুম প্রস্তুতির সূচিও পুরোপুরি নির্ধারণ করা বাকি। এর মধ্যেই ইন্টার মায়ামির সঙ্গে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা এগিয়ে চলছে।


ম্যাচটি হলে মেসির জন্যও থাকবে বিশেষ তাৎপর্য।


পেশাদার ক্যারিয়ারে প্রথমবার আর্জেন্টিনার মাটিতে কোনো ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পাবেন তিনি।


এর আগে নিজ দেশে জাতীয় দলের বাইরে কয়েকটি প্রীতি ও দাতব্য ম্যাচে অংশ নিয়েছেন মেসি। ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে পুপি ফাউন্ডেশনের হয়ে খেলেছেন তিনি। ২০২৩ সালের জুনে হুয়ান রোমান রিকেলমে ও মাক্সিমিলিয়ানো রদ্রিগেসের বিদায়ী ম্যাচেও অংশ নিয়েছিলেন।


তবে এসব ম্যাচ হয়েছিল বোকা জুনিয়র্সের লা বোম্বোনেরা কিংবা রোসারিওতে নিউয়েলস ওল্ড বয়েজের মাঠে। মনুমেন্তালে জাতীয় দলের বাইরে কখনও খেলেননি মেসি।


অথচ রিভার প্লেটের এই স্টেডিয়ামের সঙ্গে তার সম্পর্কটা অন্যরকম।


আর্জেন্টিনার হয়ে এখানে সবচেয়ে বেশি ২৯টি ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ২০ গোল, পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মনুমেন্তালে জাতীয় দলের জার্সিতে কখনও হারেননি তিনি।


গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন মেসি। সেদিন পেনাল্টি থেকে একটি গোলও করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।


বিদায়ের সেই রাতে মনুমেন্তালের সঙ্গে নিজের বিশেষ স্মৃতির কথা জানিয়েছিলেন তিনি।


‘এই মাঠে আমার ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি কাটিয়েছি। বিশ্বকাপের পর এখানে প্রথম ম্যাচটি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।’


২০২৩ সালের মার্চে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচটির কথাই বলেছিলেন মেসি। কাতার বিশ্বকাপ জয়ের পর সেদিন প্রথমবার দেশের দর্শকদের সামনে খেলেছিল আর্জেন্টিনা। ম্যাচ শেষে বিশ্বকাপ জয়ের আনন্দও উদ্‌যাপন করেছিলেন ফুটবলাররা।


রিভার প্লেটের বিপক্ষে অবশ্য আগে একবার খেলার অভিজ্ঞতা রয়েছে মেসির।


২০১৫ সালের ২০ ডিসেম্বর জাপানে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিভারের মুখোমুখি হয়েছিল তার তৎকালীন ক্লাব বার্সেলোনা। সেই ম্যাচে প্রথম গোলটি করেছিলেন মেসি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে শিরোপা ঘরে তোলে স্প্যানিশ ক্লাবটি।


এদিকে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের দিন মেসিকে সম্মানসূচক সদস্যপদও দিয়েছে রিভার প্লেট।


বেনিনের বিপক্ষে ম্যাচের আগে ক্লাবটির সভাপতি স্তেফানো দি কার্লো মেসির হাতে বিশেষ সদস্যপদ কার্ড, স্মারক ও তার নাম লেখা জার্সি তুলে দেন।


অন্যদিকে, আর্জেন্টিনায় মেসির ফেরার সম্ভাবনা ঘিরে নতুন করে আলোচনায় এসেছে শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের নামও।


বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়ার আগে এই ক্লাবেই ফুটবলের হাতেখড়ি হয়েছিল মেসির। ভবিষ্যতে সেখানে ফেরার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।


নিউয়েলসের সভাপতি ইগনাসিও বোয়েরোর সঙ্গে মেসির পরিবারের সুসম্পর্কও এই গুঞ্জনকে উসকে দিয়েছে। তবে ২০২৮ সালের শেষ পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে আর্জেন্টাইন তারকার। আপাতত নিজ দেশের ক্লাব ফুটবলে ফেরার কোনো ইঙ্গিত দেননি তিনি।


তবে আর্জেন্টিনা সফরে নিউয়েলসের বিপক্ষেও ইন্টার মায়ামির একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।


এখন সব নজর রিভার প্লেট ও ইন্টার মায়ামির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। ম্যাচটি আয়োজন করা গেলে জাতীয় দলকে বিদায় জানানোর মাত্র তিন মাসের মাথায় আবারও আর্জেন্টিনার দর্শকদের সামনে খেলার সুযোগ পাবেন মেসি।


সেবার গায়ে ছিল দেশের আকাশি-সাদা জার্সি। এবার হয়তো দেখা যাবে ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news