বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান ও ঐতিহ্যবাহী নান্দনিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত রাজশাহী রেলওয়ে স্টেশন। এই স্টেশনের মাধ্যমে প্রতিদিন প্রায় ১৮ জোড়া ট্রেনে ২৫ হাজারের অধিক যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের উন্নত সেবা প্রদান, স্টেশন ও ট্রেনের অভ্যন্তরীণ সমস্যা, টিকিট প্রাপ্তির জটিলতা, ট্রেন ও রেললাইনের বেহাল দশা, এবং যাত্রী ও রেল কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের উদ্যোগে এক বিশেষ গণশুনানির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম), রাজশাহীর মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুম।
গণশুনানিতে যাত্রীদের উত্থাপিত প্রধান সমস্যা ও অভিযোগসমূহ:-
শুনানি চলাকালীন উপস্থিত সাধারণ যাত্রীরা রেলওয়ে সেবা নিয়ে নানা ক্ষোভ ও ভোগান্তির কথা তুলে ধরেন। প্রধান সমস্যাগুলোর মধ্যে, পরিবেশ ও নিরাপত্তা সংকটঃ রাজশাহী রেলওয়ে স্টেশনে দিন ও রাতে হকার এবং ছিন্নমূল মানুষের অবাধ বিচরণের ফলে স্টেশনের সামগ্রিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সম্প্রতি স্টেশনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে স্টেশনে সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার জোরালো দাবি জানানো হয়।
টিকিট ও আসন সংকট যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ—সহজে টিকিট না পাওয়া এবং কালোবাজারির দৌরাত্ম্য।
খাবারের মান ও ট্রেন স্বল্পতাঃ ট্রেনের ভেতরে সরবরাহকৃত খাবারের মান অত্যন্ত নিম্নমানের হওয়া এবং প্রয়োজনের তুলনায় ট্রেনের সংখ্যা কম থাকার বিষয়টি উঠে আসে।
রেলপথ ও অবকাঠামো উন্নয়নঃ রেললাইনের করুণ অবস্থা এবং আব্দুলপুর-রাজশাহী ডুয়েল গেজ ও ডাবল লাইন দ্রুত স্থাপনের দাবি জানানো হয়।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং রহনপুর-রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত সরাসরি বিরতিহীন ট্রেন চালুর দাবি জানান স্থানীয়রা।
সেবা ও টেন্ডারে স্বচ্ছতাঃ রেলওয়ের বড় বড় প্রকল্প ও টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন এবং রানিং ট্রেন ও যাত্রীদের নিরাপত্তা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মহাব্যবস্থাপকের সমাপনী বক্তব্য ও আশাবাদ:-
গণশুনানির শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম)-এর মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুম ধৈর্য সহকারে উপস্থিত সকলের বক্তব্য ও অভিযোগ শোনেন। তিনি রেলওয়ের সেবার মান বাড়াতে যাত্রীদের গঠনমূলক সমালোচনাকে সাধুবাদ জানান এবং স্টেশনের শৃঙ্খলা ফেরানো, নিরাপত্তা জোরদার ও টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক ও নিরাপদ করতে রেলওয়ে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং শুনানিতে উত্থাপিত যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিয়ে বিতর্ক:-
শুনানিতে বিভিন্ন অব্যবস্থাপনা ও দাবির কথা উঠে এলেও এর উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন ও ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নিয়ম অনুযায়ী গণশুনানিতে সাধারণ যাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের কথা থাকলেও তা দেখা যায়নি।
অভিযোগ রয়েছে, নামেমাত্র দু-একজন রাজনৈতিক নেতা, হাতেগোনা দুই-তিনজন ব্যবসায়ী এবং মহাব্যবস্থাপকের পছন্দের মাত্র ২-৩ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হলেও রাজশাহীর মূলধারার সংবাদকর্মীদের অধিকাংশকেই জানানো বা দাওয়াত দেওয়া হয়নি। এই কারণে স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের একটি বড় অংশ এই আয়োজনকে একটি ‘ঘরোয়া শুনানি’ বলে আখ্যায়িত করেছেন।
অতিথিদের উপস্থিতি:-
শুনানি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
এ. এম. এম. শাহ নেওয়াজ, অতিরিক্ত মহাব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম), রাজশাহী
মোহাম্মদ আহছান উল্লা ভূঞাঁ, চিফ কমার্শিয়াল ম্যানেজার, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম), রাজশাহী
মোঃ মাহবুবুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম), রাজশাহী
মোঃ আহসান জাবির, প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম), রাজশাহী
মোঃ আনোয়ার হোসেন, প্রধান সংস্থাপন কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম),মোঃ আশাবুল ইসলাম, চীফ কমান্ডেন্ট (রেলওয়ে পশ্চিম সিসিআরএনবি) ।
হাসিনা খাতুন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পাকশী)
রিফাত সাকিন, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা (পাকশী)
আহমেদ শফিউদ্দিন, সম্পাদক, সাপ্তাহিক দুনিয়া
সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, সাংবাদিক মুরাদ, ও সাংবাদিক নোবেল মাহমুদ
মোঃ গোলাম সাকলাইন, পরিচালক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী
মোঃ মাহফুজুল হাসনাইন হিকোল, সাধারণ সম্পাদক, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটিসহ রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।