দেশব্যাপী ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে ফের ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় মঙ্গলবার (১০ নভেম্বর) মহানগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডেই এ স্প্রে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী মহানগরীর স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলগুলোতে ফগার স্প্রে করা হচ্ছে। সাধারণ ওয়ার্ডগুলোর পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং নাগরিকদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতেও বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন জানান, প্রশাসক মহোদয়ের সরাসরি নির্দেশনায় নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও বলেন, "নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে ফগিং কার্যক্রমের পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান চলছে। এ ছাড়া ব্লকভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় ও ড্রেন পরিষ্কার এবং লার্ভিসাইড স্প্রে কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা হচ্ছে।"