
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাপিতখালী বটতলী এলাকায় একটি গণশৌচাগারে (টয়লেট) সন্তান প্রসবের পর নবজাতককে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে প্রসব-পরবর্তী অসুস্থতার কারণে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রসূতি নারীকে শনাক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাপিতখালী বটতলী এলাকার একটি গণশৌচাগারে এক নারী সন্তান প্রসব করেন। প্রসবের পর নবজাতকটিকে সেখানে রেখে তিনি গোপনে চলে যান। পরে স্থানীয় লোকজন টয়লেটের ভেতর থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পেয়ে দ্রুত এগিয়ে আসে এবং তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এদিকে, প্রসব-পরবর্তী শারীরিক জটিলতা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই নারী ঈদগাঁওর একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা ও আচরণ সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে তিনি নাপিতখালীতে নবজাতক ফেলে আসার বিষয়টি স্বীকার করেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে নবজাতক ও প্রসূতি উভয়ের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে কী কারণে ওই নারী এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের নজরদারি রয়েছে।