Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১২ নভেম্বর ২০২৬ | ১০:৪৬ পূর্বাহ্ন

নগর দেয়ালে গ্রাফিতি, রাস্তায় বাহারী ফুল ও আলোকসজ্জায় নতুন নগররূপে রাজশাহী

আবুল কালাম আজাদ, রাজশাহী:- ১২ নভেম্বর ২০২৬

দীর্ঘদিনের অবৈধ দখলদারত্ব থেকে মুক্ত হয়ে পথচারীদের চলাচলের উপযোগী হয়ে উঠছে রাজশাহী নগরীর ফুটপাত।

দোকানপাট ও অস্থায়ী স্থাপনার দখল সরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে নাগরিকদের হাঁটার অধিকার। পুনর্দখল ঠেকাতে বসানো হচ্ছে লোহার রেলিং। পাশাপাশি দেয়ালে দেয়ালে বর্ণিল গ্রাফিতি, সড়কপাশে নানা রঙের বাহারী ফুলের সমারোহ এবং রাতের দৃষ্টিনন্দন আলোকসজ্জায় বদলে যাচ্ছে নগরীর চিরচেনা দৃশ্যপট।

পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সৌন্দর্যবর্ধনের সমন্বিত উদ্যোগে রাজশাহী ফিরে পাচ্ছে তার নান্দনিক পরিচয়।তবে এসব উদ্যোগের স্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও কার্যকর নগর ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছেন নগরবাসী।


একসময় রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনের সড়কের ফুটপাতের বড় অংশ ছিল দোকানপাট, খাবারের স্টল ও বিভিন্ন অস্থায়ী স্থাপনার দখলে। ফলে ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ না পেয়ে পথচারীদের মূল সড়ক ব্যবহার করতে হতো। এতে যানবাহনের সঙ্গে পথচারীদের সংঘাত, দুর্ঘটনার ঝুঁকি ও যানজট বাড়ত। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হতো।


রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেই পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর ফুটপাত ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, ফুটপাত উন্মুক্ত হওয়ায় পথচারীদের নিরাপদ চলাচলের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে মূল সড়কে মানুষের চাপ কমে যানবাহন চলাচলেও কিছুটা স্বস্তি ফিরেছে।


শুধু উচ্ছেদ অভিযানেই সীমাবদ্ধ থাকেনি নগরীর। সৌন্দর্যবর্ধনে ফুটপাতের পাশাপাশি সড়কের দুই পাশের পরিবেশকে দৃষ্টিনন্দন করতে দেয়ালে আঁকা হচ্ছে নানা ধরনের গ্রাফিতি ও চিত্রকর্ম। সড়কপাশে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। রাতের বেলায় আলোকসজ্জায় এসব সড়ক ও আশপাশের এলাকা পাচ্ছে ভিন্ন মাত্রা। দিনের পরিচ্ছন্ন পরিবেশ আর রাতের আলোকিত দৃশ্য নগরবাসীর পাশাপাশি দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে।


রাজশাহী মহিলা কলেজের সামনে কথা হয় স্থানীয় নাগরিক আলিফ আলীর সঙ্গে। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর মনে হচ্ছে ফুটপাতটি সত্যিকার অর্থেই নাগরিকদের জন্য ফিরে এসেছে। আগে দোকানপাটের কারণে এখানে হাঁটার পরিবেশ ছিল না। বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলতে হতো। এখন স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারছি। এ উদ্যোগের জন্য রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে ফুটপাত যেন আবার দখল না হয়, সেটি নিশ্চিত করতে হবে।’


স্থানীয় বাসিন্দা জুবায়ের রহমান বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফুটপাত দিয়ে মানুষের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা। আগে ফুটপাত দখল থাকায় নারী, শিশু ও বয়স্কদের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হতো। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। পাশাপাশি রাস্তার সৌন্দর্যও বেড়েছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।


রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা খাতুন বলেন, ‘কলেজে আসা-যাওয়ার সময় আগে ফুটপাত ব্যবহার করতে পারতাম না। সড়কের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অনেক সময় ভয় লাগত। এখন সহজেই ফুটপাত দিয়ে চলাচল করতে পারছি।

সানজিদা আরো বলেন, রাস্তার পাশের ফুল, দেয়ালের গ্রাফিতি ও রাতের আলোকসজ্জাও বেশ ভালো লাগছে। আমরা চাই, ভবিষ্যতেও ফুটপাত দখলমুক্ত থাকুক।’


রিকশাচালক রেজা আলী বলেন, আগে ফুটপাত দখল থাকায় মানুষ সড়ক দিয়ে হাঁটত। দোকানের সামনে রিকশা ও ভ্যান দাঁড়িয়ে থাকায় সড়কে বাড়তি চাপ তৈরি হতো। এখন মানুষ ফুটপাত ব্যবহার করায় চলাচল কিছুটা সহজ হয়েছে। তবে নিয়মিত নজরদারি না থাকলে আবারও দখল ফিরে আসতে পারে।


পথচারী ইমরান মাহমুদ বলেন, রাজশাহী বরাবরই পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত। ফুটপাত উন্মুক্ত করা, দেয়ালে গ্রাফিতি, ফুলের গাছ ও রাতের আলোকসজ্জা নগরীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই পরিবেশ ধরে রাখতে হলে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পরিচ্ছন্নতা ও শৃঙ্খলাও বজায় রাখতে হবে।


রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) সূত্রে জানা গেছে, প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় অক্টোবর মাসজুড়ে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। দড়িখরবোনা মোড় থেকে রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া পর্যন্ত এবং বাটার মোড় ও নিউমার্কেট এলাকায় এসব অভিযান চালানো হয়।

এর ফলে এসব এলাকার ফুটপাতের বিভিন্ন অংশ দখলমুক্ত হয়েছে। বিশেষ করে মহিলা কলেজের সামনের ফুটপাত ফিরে পেয়েছে স্বাভাবিক চলাচলের পরিবেশ। আগে যেখানে দোকানপাট ও অস্থায়ী স্থাপনার কারণে পথচারীদের হাঁটার জায়গা ছিল না, সেখানে এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন তাঁরা। পাশাপাশি পুনর্দখল প্রতিরোধে বিভিন্ন স্থানে লোহার রেলিং স্থাপন করা হয়েছে।


নগরীর পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাসিকের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগকে নগর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে পরিচ্ছন্নতা অভিযান কিংবা সৌন্দর্যবর্ধনের কাজের মতো ফুটপাতের শৃঙ্খলাও নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়।


রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। ফুটপাত পথচারীদের চলাচলের জন্য, এটি কোনোভাবেই দখল করে ব্যবসা পরিচালনা বা অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই।


রাসিক প্রশাসক আরো বলেন, নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উচ্ছেদের পর যাতে আবারও কেউ ফুটপাত দখল করতে না পারে, সে বিষয়েও নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া নগরীতে অবৈধ অটোরিকশার বিরুদ্ধেও রাসিকের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।’


নগর পরিকল্পনাবিদদের দৃষ্টিতে, একটি বাসযোগ্য শহরের অন্যতম শর্ত হচ্ছে পথচারীবান্ধব ফুটপাত, শৃঙ্খলাপূর্ণ সড়কব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ ও পর্যাপ্ত নাগরিক সুবিধা। শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেই দায়িত্ব শেষ হয় না; ফুটপাতের ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, হকারদের জন্য পরিকল্পিত ব্যবস্থাপনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণও জরুরি।


রাজশাহীর বর্তমান উদ্যোগে নগরবাসীর মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হলেও উচ্ছেদ অভিযানের সুফল কত দিন স্থায়ী হয়, সেটিই এখন বড় প্রশ্ন। নিয়মিত তদারকি ও আইন প্রয়োগে শিথিলতা দেখা দিলে আগের দখলদারত্ব ফিরে আসার আশঙ্কা রয়েছে।

নগরবাসীর প্রত্যাশা, ফুটপাত থাকবে পথচারীদের জন্য, সড়ক থাকবে যানবাহনের চলাচলের জন্য। একই সঙ্গে গ্রাফিতি, ফুলের বাগান, আলোকসজ্জা ও পরিচ্ছন্নতার উদ্যোগগুলোও নিয়মিত পরিচর্যার আওতায় আনা হবে। উচ্ছেদ অভিযানকে নিয়মিত নগর ব্যবস্থাপনার অংশে পরিণত করা গেলে রাজশাহী শুধু সৌন্দর্যে নয়, নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবেও নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

দীর্ঘদিনের অবৈধ দখলদারত্ব থেকে মুক্ত হয়ে পথচারীদের চলাচলের উপযোগী হয়ে উঠছে রাজশাহী নগরীর ফুটপাত। ছবি - বিজয় বাংলা