Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রুয়েটের স্বেচ্ছাসেবী সংগঠন আরজেপির প্রথম বিজ্ঞান ম্যাগাজিন ‘ভারটেক্স’ প্রকাশ

মেহেরাব হোসেন First science magazine 'Vertex' published

বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা প্রসারে প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন ‘ভারটেক্স’ প্রকাশ করেছে রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত শিক্ষার্থীদের এ স্বেচ্ছাসেবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্লাবটি গত মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর আমানা ফুডভিলের হলরুমে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।


আরজেপি সভাপতি তারেক আবরারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাগাজিনের সম্পাদক ও বিশিষ্ট কার্টুনিস্ট নাফিস ফুয়াদ। এসময় আরও উপস্থিত ছিলেন আরজেপি সাধারণ সম্পাদক ইসফার হোসেন, দপ্তর সম্পাদক আফিফ নাজি এবং ম্যাগাজিনের সহযোগী সম্পাদক নুসাইব আরাফাত।


ম্যাগাজিনের সম্পাদক ও রুয়েট স্থাপত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিস ফুয়াদ বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি মানুষকে চিন্তা করতে এবং প্রশ্ন করতে শেখায়। ‘ভারটেক্স' ম্যাগাজিনের মাধ্যমে আমরা এমন একটি পাঠপরিসর তৈরি করতে চাই। যেখানে প্রযুক্তির জ্ঞান, সৃজনশীলতা শেখা ও চর্চা একসঙ্গে বিকশিত হবে।”


আরজেপি সভাপতি ও রুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক আবরার বলেন, “আমাদের লক্ষ্য কেবল শিক্ষার্থীদের প্রযুক্তির ব্যবহার শেখানো নয়। বরং তাদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও সমস্যা সমাধানের মানসিকতা গড়ে তোলা। ‘ভারটেক্স’ সেই লক্ষ্য বাস্তবায়নে একটি বুদ্ধিবৃত্তিক উদ্যোগ। এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের জ্ঞানচর্চার সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেবে।”


সম্প্রতি রুয়েটে অনুষ্ঠিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ প্রযুক্তি উৎসব ‘আরজেপি টেক ফেস্ট ২০২৬’ এর স্মৃতি, অভিজ্ঞতা, গল্প ও আলোকচিত্র কে উপজীব্য করে প্রকাশিত হয়েছে ‘ভারটেক্স’। এতে বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রবন্ধ, কবিতা, গল্পসহ বৈচিত্র্যময় সাহিত্যিক ও জ্ঞান ভিত্তিক রচনা স্থান পেয়েছে।


আরজেপির উদ্যোগে এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি সমিতির (বিএসটিএস) সার্বিক সহযোগিতায় প্রকাশিত হয়েছে সংগঠনটির বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাময়িকী ‘ভারটেক্স’। ভবিষ্যতেও এমন বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদী সংগঠনটির সদস্যরা।


উল্লেখ্য রাজশাহী অঞ্চলের অন্যতম স্বেচ্ছাসেবী তথ্যপ্রযুক্তি ক্লাব হিসেবে পরিচিত এই সংগঠনটি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। রাজশাহী বিভাগের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, প্রোগ্রামিং চর্চা প্রসার এবং ভবিষ্যৎ প্রযুক্তি নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news