অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল-আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
দুই দলের ফাইনালে ওঠার লড়াইটা মোটেও সহজ হতে যাচ্ছে না। কেউ কাউকে ছাড় না দিয়ে জায়গা করে নিতে চাইবে ফাইনালে।
আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১১৩ রানের বিশাল ব্যবধানে হেরে শুরু করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে বাঁচিয়ে রাখে সেমির আশা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে নিজেদের যুব ওয়ানডে ইতিহাসের রেকর্ড ২০৫ রানের ব্যবধানে হারিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে।
সেই ম্যাচে বাংলাদেশের যুব ওয়ানডে ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন মালিক হন আহসান আল মুমিন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলে প্রায় ১১ বছর আগের পিনাক ঘোষের রেকর্ড ভাঙেন তিনি।
অন্যদিকে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারানোর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। শেষ ম্যাচে নেপালকে হারায় ১০১ রানে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ
আবদুল্লাহ আল মুহি, এসকে জারিফ সিয়াম, আল রাফি, কাওসার আহমেদ, আহসান আল মুমিন, মো. ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রাকিবুল হোসেন, রবিউল হাসান আনিক, রুবায় ইসলাম রিজন, তাফিউল আলম তামিম, শেখ আতিউর রহমান।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ একাদশ
উসমান খান, আবদুল কাদির, ফারহান ইউসুফ (অধিনায়ক), আহমেদ হুসাইন, আলী রাজা, হামজা জহুর (উইকেটরক্ষক), হাসনাইন আব্বাস দার, মোহাম্মদ সাইয়াম, রিজওয়ানউল্লাহ, নিখাব শফিক, হায়াম খান।