Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১২ নভেম্বর ২০২৬ | ০২:০১ অপরাহ্ন

ব্লেন্ডারে যেসব জিনিস কখনোই দেওয়া উচিত নয়

অনলাইন ডেস্ক ১২ নভেম্বর ২০২৬

ব্লেন্ডার হলো রান্নাঘরের এমন একটি সরঞ্জাম যা দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তোলে। কাজের আগে চটজলদি স্মুদি তৈরি করা থেকে শুরু করে চাটনি, স্যুপ বা মিল্কশেক- অনেক কিছুই এটি দিয়ে করা সম্ভব। তবে কোনো কিছু ব্লেন্ডারের জারে এঁটে যায় বলেই যে তা সেখানে দেওয়া উচিত, এমনটি নয়।

কিছু উপাদান ব্লেন্ডারের ব্লেডের ক্ষতি করতে পারে, মোটরের ওপর প্রভাব ফেলতে পারে, অথবা এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা পরিষ্কার করতে রান্নার চেয়েও বেশি সময় লেগে যায়। রান্নাঘরে নতুন কিছু তৈরি করার আগে, এমন পাঁচটি জিনিসের কথা জেনে নিন যা ব্লেন্ডারে দেওয়ার আগে দুবার ভাবা উচিত।

চুলা থেকে নামানো অত্যন্ত গরম তরল

গরম স্যুপ ব্লেন্ড করলে হয়তো রেস্তোরাঁর মতো মসৃণ টেক্সচার পাওয়া সহজ মনে হতে পারে, কিন্তু সাধারণ ব্লেন্ডারে সরাসরি ফুটন্ত গরম তরল ঢালা ঝুঁকিপূর্ণ হতে পারে। গরম তরল থেকে বাষ্প তৈরি হয়, যা বন্ধ জারের ভেতরে চাপের সৃষ্টি করে। ব্লেন্ডার চালু করার সাথে সাথেই গরম উপাদানগুলো ছিটকে বেরিয়ে আসতে পারে এবং আপনার ত্বক পুড়ে যেতে পারে।

তাই ব্লেন্ড করার আগে তরলটিকে কিছুটা ঠান্ডা হতে দিন। যদি আপনার ব্লেন্ডারটি গরম উপাদান ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়ে থাকে, তবে প্রস্তুতকারকের নির্দেশাবলী অনুসরণ করুন এবং নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পূর্ণ করবেন না।

বরফের বড় টুকরা

বরফ গুঁড়া করার উপযোগী ব্লেন্ডারে অল্প কিছু বরফের টুকরা দেওয়া যেতে পারে। কিন্তু ব্লেন্ডারের সক্ষমতা যাচাই না করে বড় আকারের বরফের টুকরা বা জমাট বাঁধা বরফ ভেতরে দিলে তা মোটর ও ব্লেডের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে।

এর ফলে বরফ ভালোভাবে গুঁড়া হওয়ার পরিবর্তে ব্লেন্ডারটি অকার্যকর হয়ে পড়তে পারে এবং বরফের টুকরাগুলো অসমভাবে থেকে যেতে পারে। হিমায়িত পানীয় তৈরির আগে দেখে নিন আপনার ব্লেন্ডারে বরফ গুঁড়ো করার (আইস-ক্রাশিং) সুবিধা আছে কি না।

আস্ত মসলা এবং অত্যন্ত শক্ত উপাদান

সব ধরনের শক্ত উপাদান গুঁড়ো করার জন্য ব্লেন্ডার তৈরি করা হয়নি। দারুচিনির বড় টুকরো, জায়ফল বা এই জাতীয় শক্ত আস্ত মসলা ব্লেডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে সাধারণ ঘরোয়া ব্লেন্ডারগুলোর ক্ষেত্রে।

এসব উপাদানের জন্য আলাদা মসলা গুঁড়া করার যন্ত্র (স্পাইস গ্রাইন্ডার) বা উচ্চ ক্ষমতাসম্পন্ন উপযুক্ত কোনো সরঞ্জাম ব্যবহার করা ভালো। এতে উপাদানগুলো সুষমভাবে গুঁড়া হয়।

অতিরিক্ত আঠালো উপাদান

কখনো কি খেজুর, শুকনো ডুমুর বা বাদামজাতীয় আঠালো কোনো মিশ্রণ ব্লেন্ড করার চেষ্টা করেছেন? হয়তো খেয়াল করেছেন যে, ব্লেডগুলো ঘুরছে ঠিকই, কিন্তু উপাদানগুলো নড়ছে না।

খুব বেশি আঠালো মিশ্রণ ব্লেডের চারপাশে জমে যেতে পারে এবং মোটরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এগুলো ব্লেন্ডারের জার থেকে বের করাও কঠিন হতে পারে। উপকরণগুলোকে ছোট ছোট টুকরো করে কাটুন, প্রয়োজনে পর্যাপ্ত তরল যোগ করুন এবং যদি কোনো রেসিপিতে খুব ঘন মিশ্রণ তৈরির প্রয়োজন হয়, তবে ফুড প্রসেসর ব্যবহার করুন।

খালি ব্লেন্ডারে শুকনো উপকরণ

খালি ব্লেন্ডারে ময়দা, কোকো পাউডার বা প্রোটিন পাউডারের মতো শুকনো উপকরণ ব্লেন্ড করলে সূক্ষ্ম ধূলিকণার মেঘ তৈরি হতে পারে, যা পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়তে পারে। এছাড়া পাউডারের কিছু অংশ ঢাকনার চারপাশে, জারের কিনারে বা মোটরের ভেন্টে (বাতাস চলাচলের পথে) জমে যেতে পারে। এর ফলে পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে এবং পাউডার যদি এমন কোনো জায়গায় ঢুকে যায় যেখানে যাওয়ার কথা নয়, তবে তা যন্ত্রটির ক্ষতিও করতে পারে।

যদি শুকনো উপকরণ মেশানোর প্রয়োজন হয়, তবে সেগুলো অল্প অল্প করে যোগ করুন এবং যন্ত্রটির নির্দেশিকা অনুসরণ করুন। যদি উপকরণের পরিমাণ বেশি হয়, তবে মিক্সিং বোল বা ফুড প্রসেসর ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক হতে পারে।

সংগৃহীত ছবি