
পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কায় দুই মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৃত সায়মন ইসলাম সাদিক (১৬) বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। অন্যদিকে মাদরাসা আরেক শিক্ষার্থী রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) একই ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং গুরুতর আহত ফজলে রাব্বি শাহ (১৬)একই ইউনিয়নের সাহাপাড়া গ্রামের আবু শাহ'র ছেলে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাযিল মাদরাসার দশম শ্রেণী শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন বন্ধু একটি মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়া শেষে বাসার দিকে যাচ্ছিলেন। পথে চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে তাদের সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্যজন।
পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা
হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই ২ মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি
নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।