Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ নভেম্বর ২০২৬
০৬:২৯ অপরাহ্ন

বিয়ের রেজিস্ট্রিতে স্বাক্ষর ছাড়াই ৩৩ বছর সংসার, ফাঁস করলেন জিনাত হাকিম

অনলাইন ডেস্ক 33 years of marriage without signing the marriage registry

অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিমের দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এই পথচলায় তাদের সংসারজীবনের নানা স্মৃতি রয়েছে। তবে নিজেদের বিয়ের সময় ঘটে যাওয়া একটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন জিনাত হাকিম।

তার ভাষায়, বিয়ের পরও একসময় তাদের বিয়েটি নাকি বৈধ ছিল না!

সম্প্রতি রাজধানীর একটি ওয়েডিং কার্নিভ্যালে বর-কনের সাজে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে বিয়ের স্মৃতিচারণা করতে গিয়ে জিনাত হাকিম বলেন, ‘আমার বিয়ে কিন্তু বৈধ ছিল না।’ তার কথা শুনে পাশে থাকা আজিজুল হাকিম হেসে ওঠেন।

ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে জিনাত জানান, বিয়ের সময় আজিজুল হাকিম ছিলেন নব্বই দশকের জনপ্রিয় তারকা। তাদের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রার সঙ্গে একদল সাংবাদিকও হাজির হয়েছিলেন। মজার বিষয়, কেউ কাউকে কিছু না জানানোয় আজিজুল ভেবেছিলেন সাংবাদিকরা জিনাতের অতিথি, আর জিনাত মনে করেছিলেন তারা আজিজুলের অতিথি।

বিয়ের আনুষ্ঠানিকতার সময় ঘটে আরও একটি ঘটনা। জিনাত হাকিম জানান, কবুল বলার পর কাজী যখন তাকে রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর করতে বলেন, তখন এক ফটোগ্রাফার ছবি তোলার জন্য তাকে একটু অপেক্ষা করতে বলেন। তিনি কলম থামিয়ে ছবির জন্য পোজ দেন। এরপর আর বিয়ের খাতায় স্বাক্ষর করা হয়নি।

এ প্রসঙ্গে আজিজুল হাকিম জানান, স্বাক্ষর না থাকায় তাদের এফিডেভিড করে নিতে হয়েছিল। তবে বিষয়টি নিয়ে সম্প্রতি নতুন করে মজার আয়োজন করেন তাদের মেয়ে নাযাহ হাকিম ও জামাতা নাফিস ফুয়াদ। বিয়ের বর্ষপূর্তিতে তারা আবারও রেজিস্ট্রির খাতায় স্বাক্ষরের ব্যবস্থা করেন।

প্রসঙ্গত, চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন আজিজুল হাকিম। আরণ্যক নাট্যদলে কাজের মধ্য দিয়ে তার অভিনয়জীবনের শুরু। ১৯৮১ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ‘এখানে নোঙর’ নাটকে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে যাত্রা শুরু করেন। পরে ‘কোন কাননের ফুল’ ধারাবাহিকে অলি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকের পাশাপাশি ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ এবং রায়হান রাফির ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেতা।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news