Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ নভেম্বর ২০২৬
০৯:২৩ অপরাহ্ন

নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

অনলাইন ডেস্ক Fire at Nusrat's house

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

দলের সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা, মহানগর, থানা ও উপজেলা পর্যায়ের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় দ্রুত সমাবেশ ও মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাতের অভিযোগ, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পরিবারের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেন দুর্বৃত্তরা। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায়। আহত হন তার বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য।

ঢাকা থেকে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর নুসরাত জানান, পেছন দিক থেকে এক ব্যক্তি চার দফায় বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন।

ফেসবুক পোস্টে নুসরাত বলেন, কারা এ হামলার পেছনে রয়েছে, তা তিনি জানেন না। তবে এনসিপি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে। দলের মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের দাবি, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে তাদের সন্দেহ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news