Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা ‘আনন্দ অশ্রু’

অনলাইন ডেস্ক Movie 'Tears of Joy'

নায়ক সাইমন সাদিক আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, আর নায়িকা মাহিয়া মাহি কলকাতায়। দুজনের কেউই দেশে নেই; এমনটাই খবর। এর মধ্যেই শুক্রবার (১৩ নভেম্বর) দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’।  


প্রেমের গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এর গল্প লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিক।


‘আনন্দ অশ্রু’র গল্প শুরু হয়েছে তাদের বিয়ের পরের ঘটনা দিয়ে। সাইমন ও মাহি ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, মারুফ আকিব ও চিকন আলী। বিশেষ একটি চরিত্রে রয়েছেন জয় চৌধুরী। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও যুক্ত আছেন সাইমন। 


এর আগে এই জুটিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মোস্তাফিজুর রহমান মানিক। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন।


বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন সাইমন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এরপর আর দেশে ফেরেননি। অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মাহিয়া মাহি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়ার পর আবারও সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তবে এরপর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। ২০২৫ সালের জুনে তার দেশ ছাড়ার খবর সামনে আসে।


তবে দেশের বাইরে থাকলেও সামাজিক মাধ্যমে নিজেদের সিনেমার প্রচার চালাচ্ছেন সাইমন ও মাহি। বলে রাখা ভালো, নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটির একই নামে একটি দর্শকপ্রিয় সিনেমা ছিল।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news