Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৩ নভেম্বর ২০২৬ | ০৮:০৫ অপরাহ্ন

উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক: ১৩ নভেম্বর ২০২৬

উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রাজশাহী সুগার মিল। এই চিনিকলকে লাভজনক ও টেকসই করতে আখের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কারখানার কারিগরি দক্ষতা নিশ্চিত করতে হবে। কৃষক, শ্রমিক ও চিনিকলের স্বার্থ রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

শুক্রবার বিকেলে রাজশাহী সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের ৬২তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উৎসবমুখর পরিবেশে রাচিক কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন এমপি মিলন। চলতি মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

এমপি মিলন বলেন, রাজশাহী বিভাগের ভারী শিল্প হিসেবে পরিচিত এই চিনিকল উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিনিশিল্পকে লাভজনক ও টেকসই করতে হলে কাঁচামাল অর্থাৎ আখের উৎপাদন বৃদ্ধি এবং মিলের কারিগরি দক্ষতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ শিল্পের সঙ্গে হাজারো কৃষক, শ্রমিক ও তাঁদের পরিবারের জীবন-জীবিকা জড়িত। তাই চিনিকলের উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা করতে হবে।


প্রধান অতিথির বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের নেতারা জীবন বাঁচাতে কাঁটাতারের বেড়া পার হয়ে বিমানে করে দেশত্যাগ করেছেন। তাঁরা এখন দেশে আসতে ভয় পান। তাই দূর থেকে আওয়ামী লীগ নেতা নানকসহ অন্য নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে হুমকি-ধমকি দিচ্ছেন। তিনি আরও বলেন, বিগত সরকার দেশে খুন, গুম ও লুটপাট চালিয়েছিল। পুরো দেশকে তারা ‘আয়নাঘর’-এর মতো ভীতিকর পরিবেশে পরিণত করেছিল। কিন্তু দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারী শাসককে পালাতে বাধ্য করেছে বলে উল্লেখ করেন তিনি।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনা স্মরণ করে এর তীব্র নিন্দা জানান এমপি মিলন। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম ও খুনের শিকার অসংখ্য মানুষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘শেষ কাতারের সৈনিক’ হিসেবে নিজেদের উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নির্দেশে কাজ করি। আমরা কোনো জেল-জুলুম, ফাঁসি বা মৃত্যুকে ভয় পাই না।’

আসন্ন ডিসেম্বর মাসকে বিজয়ের মাস উল্লেখ করে এমপি মিলন দেশের মানুষকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার এবং বিজয় উদ্যাপনের আহ্বান জানান। একই সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার কৃষক, শ্রমিক ও চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট কারও যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষি মোট ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ চাষ করেছেন। তাঁদের উৎপাদিত আখ দিয়ে চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে জাতীয় চিনি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মুজিবুর রহমান, যুগ্মসচিব সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।


এর আগে এমপি মিলন চিনিকলের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। পরে উদ্বোধনী আলোচনা সভায় আখচাষিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও স্থানীয় আখচাষী ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।


রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।