Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু

অনলাইন ডেস্ক Romelu Lukaku

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। জাতীয় দলের হয়ে ১৬ বছরের পথচলার ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেছেন, বেলজিয়ামের জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন।

৩৩ বছর বয়সী লুকাকুর আন্তর্জাতিক অভিষেক হয় ২০১০ সালে। বেলজিয়ামের হয়ে ১৩৫ ম্যাচে ৯৪ গোল করেছেন তিনি।

দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও রয়েছেন পঞ্চম স্থানে। তার ওপরে আছেন সুনীল ছেত্রী, আলি দাইয়ি, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

তালিকার শীর্ষে থাকা রোনালদোর গোল ১৪৬টি।

চারটি বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে খেলেছেন লুকাকু।

বিশ্বকাপের মঞ্চে তার গোল আটটি। এ ছাড়া তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে করেছেন ছয় গোল।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক এভারটন, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলায় তাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেওয়া এবং আস্থা রাখার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

হিপের চোটের কারণে গত সপ্তাহে তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে খেলতে পারেননি লুকাকু। রোববার ইতালির বিপক্ষে ৪-১ গোলের জয়ে বদলি খেলোয়াড় হিসেবে বেঞ্চে থাকলেও মাঠে নামেননি তিনি। ওই জয়ে প্রতিযোগিতাটির শেষ আট নিশ্চিত করে বেলজিয়াম।

অবসরের ঘোষণা দিয়ে লুকাকু লিখেছেন, ‘এই ১৬ বছরে জাতীয় দলের জন্য নিজের সবটুকু দিয়েছি। অনেক ধরনের আবেগের মধ্য দিয়ে গেছি। বেলজিয়ামের সমর্থকদের ধন্যবাদ, আমাদের দলকে যে সমর্থন দিয়েছেন, তার জন্য। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

তিনি আরও লিখেছেন, ‘সেই মুহূর্তগুলো কখনো ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে আছি। দারুণ ছিল, উপভোগ করেছি। আমি কৃতজ্ঞ।’

২০২৩ সালে ইউরো ২০২৪ বাছাইপর্বে আট ম্যাচে ১৪ গোল করেছিলেন লুকাকু। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের এক আসরে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন তিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news