রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে প্রথমবারের মতো হার্ট অ্যাটাকের পর ‘কার্ডিওজেনিক শক’ (Cardiogenic Shock)-এ আক্রান্ত এক মুমূর্ষু রোগীর সফল প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন (Primary PCI) সম্পন্ন হয়েছে। অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসা ৫৫ বছর বয়সী ওই রোগী বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল ও শঙ্কামুক্ত রয়েছেন।
রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের দেওয়া প্রেস ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় এই জীবনরক্ষাকারী চিকিৎসা সম্পন্ন হয়।
রোগীর নাম কাজল (৫৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। ধূমপান ও উচ্চ রক্তচাপের দীর্ঘদিনের ঝুঁকি থাকা এই রোগী হাসপাতালে পৌঁছানোর ঠিক এক ঘণ্টা আগে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন।
হাসপাতালে জরুরি বিভাগে পৌঁছানোর পর চিকিৎসকরা দেখতে পান, তিনি কার্ডিওজেনিক শকে আক্রান্ত হয়েছেন। এ সময় তাঁর রক্তচাপ বিপজ্জনকভাবে কমে মাত্র ৬০/৪০ মিলিমিটার পারদে নেমে আসে। পরবর্তীতে ইসিজি পরীক্ষায় তাঁর ‘অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন’ (Acute Inferior Myocardial Infarction) বা তীব্র হার্ট অ্যাটাক শনাক্ত হয়।
রোগীর এই অতি সংকটাপন্ন অবস্থা বিবেচনায় নিয়ে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. রেজাউল ইসলাম, ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল ও ডা. রাশেদসহ বিশেষজ্ঞ চিকিৎসক দল কালক্ষেপণ না করে দ্রুত রোগীকে ক্যাথল্যাবে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে অত্যন্ত দক্ষতার সঙ্গে জরুরি ভিত্তিতে প্রাইমারি পিসিআই (এনজিওপ্লাস্টি ও রিং স্থাপন) সম্পন্ন করে হৃদ্যন্ত্রের অবরুদ্ধ ধমনিতে রক্তপ্রবাহ স্বাভাবিক করা হয়।
সফল এই ইন্টারভেনশনের পর রোগীর শারীরিক অবস্থার দ্রুত ও উল্লেখযোগ্য উন্নতি ঘটে। তাঁর রক্তচাপ ৬০/৪০ থেকে বেড়ে স্বাভাবিক মাত্রা অর্থাৎ ১২৫/৮০ মিলিমিটার পারদে উন্নীত হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ স্থিতিশীল এবং বুকের ব্যথামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চিকিৎসকদের মতে, কার্ডিওজেনিক শক হলো হার্ট অ্যাটাকের অন্যতম মারাত্মক ও প্রাণঘাতী একটি জটিলতা। এই পরিস্থিতিতে হৃদ্যন্ত্র তার পাম্প করার সক্ষমতা এতই হারিয়ে ফেলে যে, মস্তিষ্ক ও কিডনির মতো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন সরবরাহ করতে ব্যর্থ হয়। এর ফলে রক্তচাপ মারাত্মকভাবে কমে যায় এবং দ্রুত চিকিৎসা না করালে রোগীর মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়।
অন্যদিকে, প্রাইমারি পিসিআই (Primary PCI) হলো হার্ট অ্যাটাকের চিকিৎসায় সর্বাধুনিক ও গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি। হার্ট অ্যাটাক হওয়ার সুনির্দিষ্ট সময়ের (সাধারণত ১২ ঘণ্টার মধ্যে) মধ্যে ক্যাথল্যাবে রিং পরিয়ে রগ খুলে দেওয়ার এই বিশেষ প্রক্রিয়ায় রোগীর জীবন রক্ষা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় এবং হার্টের পেশীর স্থায়ী ক্ষতি রোধ করা সম্ভব হয়।
চিকিৎসকদের বিশেষ পরামর্শ:-
লক্ষণ চেনা: হঠাৎ বুকে তীব্র চাপ, ব্যথা যা চোয়াল, ঘাড় বা বাম হাতে ছড়িয়ে পড়া, অতিরিক্ত ঘাম হওয়া এবং নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ। এমন লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।
গোল্ডেন আওয়ার: হার্ট অ্যাটাকের প্রথম ১ থেকে ২ ঘণ্টার মধ্যে (যাকে গোল্ডেন আওয়ার বলা হয়) হাসপাতালে পৌঁছাতে পারলে রোগীর জীবন রক্ষা করা সহজ হয়।
ঝুঁকি এড়ানো: ধূমপান বর্জন করা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।
রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগ জানিয়েছে, উত্তরবঙ্গের অন্যতম প্রধান এই সরকারি চিকিৎসাকেন্দ্র এমন জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ রোগীর সফল চিকিৎসা সম্পন্ন করতে পারা এ অঞ্চলের বিশেষায়িত হৃদরোগ চিকিৎসাসেবায় এক ঐতিহাসিক মাইলফলক ও নতুন দিগন্তের সূচনা করল। এর ফলে সাধারণ ও দরিদ্র রোগীরা এখন বিভাগীয় শহরেই বিশ্বমানের আধুনিক হৃদরোগ সেবা পাওয়ার আত্মবিশ্বাস পাচ্ছেন।