রাজশাহীতে জয় বাংলা শ্লোগান দিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাড়ির এলাকায় পটকা মেরে পালিয়ে যাওয়া এক তরুণকে খুঁজছে পুলিশ। এ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেইজে ওই তরুণের সাম্ভাব্য একটি ছবি পোস্ট করা হয়েছে।
বৃহস্পতিবার( ১৯ নম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিকের ১১ নম্বর সড়কে জয় বাংলা শ্লোগান দিয়ে বিকট শব্দে পটকা ফোটান অজ্ঞাত ওই তরুণ। পাশেই ২ নম্বর সড়কে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবন। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত সেখানে যান বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা, ছুটে যায় পুলিশ প্রশাসনও। তবে সেখানে গিয়ে তারা কাউকে পায়নি। পরবর্তীতে পটকা ছুঁড়ে মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ওই ভিডিওতে অভিযুক্ত তরুণের মুখ ঝাপসা করে দেওয়া হয়।
পরে শুক্রবার (২০ নভেম্বর) আরএমপির ফেসবুক পেইজে ছেলেটির সাম্ভাব্য চেহারার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই ছেলেটি পটকাবাজ। কেউ চিনে থাকলে দ্রুত তথ্য দিয়ে ধরিয়ে দিন।’
নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ছেলেটি পটকা মেরে পালিয়েছে। এ নিয়ে ককটেলের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছেলেটিকে খুঁজছি। তাকে আইনের আওতায় আনা হবে।’