
রাজশাহী রেলস্টেশনে দেখার যেন কেউ নেই! প্ল্যাটফর্ম ও কনকোর্স থেকে উধাও হয়েছে সময় দেখার ঘড়ি, এক বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে প্রথম শ্রেণির বিশ্রামাগারের টেলিভিশন।
পাশাপাশি অকেজো হয়ে আছে প্ল্যাটফর্মের ইলেকট্রিক নম্বর বোর্ড ও কোচ নম্বর বোর্ড। রয়েছে পরিষ্কার -পরিচ্ছন্নতারও চরম ঘাটতি। সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব তো আছেই। গুরুত্বপূর্ণ একটি বিভাগীয় শহরের প্রধান রেলস্টেশনের এমন বেহাল দশায় যাত্রীসেবার মান ও দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
উত্তরাঞ্চলের অন্যতম প্রধান যোগাযোগকেন্দ্র রাজশাহী রেলওয়ে স্টেশন, প্রতিদিন ২৪ ঘণ্টা যাত্রীদের পদচারণায় মুখর থাকে। প্রতিদিন ১৮ জোড়া অর্থাৎ ৩৬টি ট্রেনে প্রায় ২৫ হাজার মানুষ এ স্টেশন দিয়ে যাতায়াত করেন। শিক্ষাবিদ, বিচারক, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে শ্রমজীবী ও সাধারণ মানুষ—সব শ্রেণি-পেশার যাত্রীই ট্রেনের অপেক্ষা কিংবা নানা প্রয়োজনে এ স্টেশন ব্যবহার করেন।
সরেজমিনে দেখা যায়, ব্যস্ত এই স্টেশনের যাত্রীসেবা ও রক্ষণাবেক্ষণের চিত্রে চরম অব্যবস্থাপনা স্পষ্ট। স্টেশনের ঘড়িগুলো উধাও হয়ে যাওয়ায় যাত্রীরা সময় দেখা ও ট্রেনের সময়সূচি নিয়ে বিভ্রান্তিতে পড়ছেন। একইভাবে প্ল্যাটফর্মের ইলেকট্রিক নম্বর বোর্ড এবং ট্রেনের কোচ নম্বর নির্দেশক ডিজিটাল বোর্ডগুলো নষ্ট হয়ে পড়ে আছে। ফলে কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসছে বা নির্দিষ্ট বগি প্ল্যাটফর্মের ঠিক কোন স্থানে থামবে, তা বুঝতে না পেরে দীর্ঘকায় প্ল্যাটফর্মে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভারী ব্যাগ নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে।
অন্যদিকে, স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে পরিষ্কার-
পরিচ্ছন্নতারও করুণ চিত্র দেখা গেছে। নিয়মিত ও যথাযথভাবে পরিষ্কার না করায় বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকছে, যা স্টেশনের পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলছে। বসার চেয়ারের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম এবং অনেক চেয়ার নিম্নমানের বা ভাঙাচোরা। বয়স্ক ও সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা ও আরামদায়ক বসার ব্যবস্থার অভাব রয়েছে।পাশাপাশি প্রতিবন্ধী যাত্রীদের নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই বললেই চলে। এছাড়া বিশ্রামাগারগুলোর সার্বিক পরিবেশ ও দেয়ালের অবস্থাতেও অযত্নের ছাপ রয়েছে।
একটি বিভাগীয় শহরের প্রধান রেলস্টেশনে সময় দেখার ঘড়ি ও ডিজিটাল নির্দেশক বোর্ড অকেজো থাকা নিছক অবহেলার বিষয় নয়, এটি তদারকি ও ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলন। ট্রেনের সময়সূচি ও কোচের অবস্থান জানা প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের জন্য অত্যন্ত জরুরি। অথচ ঘড়ি উধাও হয়ে যাওয়া এবং ইলেকট্রিক বোর্ডগুলো দীর্ঘদিন নষ্ট পড়ে থাকায় প্রশ্ন উঠেছে—স্টেশন কর্তৃপক্ষের তদারকি কোথায়? ঘড়িগুলো কীভাবে উধাও হলো, কে বা কারা এসবের দেখভালের দায়িত্বে ছিলেন এবং দীর্ঘদিনেও কেন মেরামত বা পুনঃস্থাপনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, তা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে।
প্রথম শ্রেণির যাত্রীদের জন্য নির্ধারিত কক্ষের অবস্থাও হতাশাজনক। অভিযোগ রয়েছে, ওই কক্ষের টেলিভিশনটি এক বছরেরও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে। দীর্ঘদিন ধরে একটি টিভি মেরামত বা প্রতিস্থাপন না হওয়া রেলওয়ের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। নির্ধারিত ভাড়া ও সেবার মূল্য পরিশোধ করেও যাত্রীরা ন্যূনতম সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব সমস্যা হঠাৎ তৈরি হওয়া নয়। ঘড়ি উধাও হওয়া, ডিজিটাল বোর্ড ও টেলিভিশন দীর্ঘদিন নষ্ট পড়ে থাকা কিংবা প্ল্যাটফর্মের অপরিচ্ছন্নতা—সবই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার কথা। নিয়মিত পরিদর্শন, রাষ্ট্রীয় সম্পদের রক্ষণাবেক্ষণ এবং যাত্রীসেবার মান নিশ্চিত করার দায়িত্ব যাঁদের ওপর ন্যস্ত, তাঁরা কী করছেন—এমন প্রশ্ন তুলছেন নিয়মিত যাত্রীরা। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হলেও কিংবা হারিয়ে গেলেও জবাবদিহির কোনো ব্যবস্থা আছে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন কেবল ট্রেন থামার জায়গা নয়?এটি পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের যাতায়াতের অন্যতম প্রধান ভরসাস্থল। এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় মৌলিক যাত্রীসেবা ও রক্ষণাবেক্ষণের এই ঘাটতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী এবং প্রথম শ্রেণির যাত্রীদের সুবিধার প্রতি এমন দীর্ঘসূত্রতা রেলওয়ের সেবার মান নিয়ে নেতিবাচক বার্তা দেয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাত্রীদের প্রশ্ন—স্টেশনের ঘড়িগুলো কোথায় গেল? প্ল্যাটফর্মের ইলেকট্রিক বোর্ড, কোচ নম্বর বোর্ড ও নষ্ট টেলিভিশনটি দীর্ঘদিনেও কেন সচল করা হলো না? পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এসব সম্পদ দেখভালের দায়িত্ব কার? দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আদৌ আনা হবে কি?
না এই দায়িত্বে অবহেলার জন্য উদ্বোধন কর্তৃপক্ষরায়!
বিষয়টি নিয়ে পশ্চিম রেলের ব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুম এর সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলো তা রিসিভ করেন নাই, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা প্রয়োজন। উধাও ঘড়ি পুনঃস্থাপন, প্ল্যাটফর্মের ইলেকট্রিক ও কোচ নম্বর বোর্ড এবং প্রথম শ্রেণির কক্ষের টিভি সচল করা, নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও যাত্রীসেবা নিশ্চিত করা সংশ্লিষ্টদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব—এ দায়িত্ব পালনে গাফিলতির কোনো সুযোগ থাকা উচিত নয়।