Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক Dr. ANM Ehsanul Haque Milon

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জাল সার্টিফিকেট দিয়ে যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন, সামনে তাদের দুর্দিন আসছে। কোনোভাবেই তারা আর জালিয়াতি লুকিয়ে রাখতে পারবেন না।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হলে চলবে না, প্রকৃত জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। শিক্ষার পরিবেশ ও পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।

স্কুলগুলোতে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী দিনে যার যার ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news