Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ নভেম্বর ২০২৬
০৮:৩৭ অপরাহ্ন

ভালোবাসা আছে, সংসারের স্বপ্নও আছে, নেই শুধু সামর্থ্য

অনলাইন ডেস্ক There is love, there is a dream of a world, but there is only lack of ability

স্বপ্ন আছে, ভালোবাসাও আছে। কেউ চান মনের মানুষের হাত ধরে ঘর বাঁধতে, কেউ চান সন্তানের হাসিতে ভরে উঠুক সংসার। কিন্তু, ভালোবাসা থাকলেই তো আর সংসার চলে না।

স্থায়ী চাকরি নেই, আয় অনিশ্চিত, নিজের ঘরের স্বপ্নও অধরা। তাই বিয়ে কিংবা সন্তান নেওয়ার স্বপ্ন থাকলেও তা পূরণ করতে পারছেন না বিশ্বের বহু তরুণ-তরুণী।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ‘স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্বের ৭৩টি দেশ ও অঞ্চলের এক লাখের বেশি তরুণ-তরুণীর ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিয়ে ও সন্তান নেওয়ার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ কমে যায়নি; বরং আর্থিক সামর্থ্যের অভাবে তাদের অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে পারছেন না।

প্রতিবেদন অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ৯০ শতাংশের বেশি তরুণ-তরুণী অন্তত একটি সন্তান চান। আর ৭০ শতাংশের কাছে বিয়ে হলো জীবনসঙ্গী বেছে নেওয়ার পছন্দের উপায়।

কিন্তু, পছন্দের মানুষের সঙ্গে সংসার শুরু করার ক্ষেত্রে অর্ধেকের বেশি উত্তরদাতা আর্থিক অনিশ্চয়তাকে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন।

সন্তান নেওয়ার ক্ষেত্রেও প্রায় তিন-চতুর্থাংশ একই সমস্যার কথা জানিয়েছেন। প্রায় ৯০ শতাংশের মতে, মা-বাবা হওয়ার আগে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরি।

ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কিটা বলেছেন, তরুণদের স্বপ্ন বা উচ্চাকাঙ্ক্ষার অভাব নেই, বরং তাদের সামনে সুযোগের ঘাটতি রয়েছে।

তার মতে, আগের প্রজন্মের তুলনায় বর্তমান তরুণেরা বেশি শিক্ষিত। তথ্য জানার সুযোগও তাদের বেশি। প্রযুক্তি ও জনস্বাস্থ্যের উন্নতির ফলে তাদের সামনে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। তবে, সেই সম্ভাবনার সুফল অনেক তরুণ এখনো পাচ্ছেন না।

এর অন্যতম কারণ কর্মসংস্থানের সংকট। বিশ্বজুড়ে প্রতি পাঁচজন তরুণের একজন চাকরি, শিক্ষা কিংবা প্রশিক্ষণের বাইরে রয়েছেন। ফলে, তাদের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগও সীমিত হয়ে পড়ছে।

অন্যদিকে, নিম্ন আয়ের দেশগুলোতে কর্মসংস্থানের পরিস্থিতি আরও কঠিন। এসব দেশের প্রতি পাঁচজন তরুণের চারজনেরই নিয়মিত বেতনের নিরাপদ চাকরি নেই। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।

এদিকে, ২০২৪ সালে সেনেগালের ৩৫ শতাংশের বেশি এবং মালির ৩০ শতাংশ তরুণ বেকার ছিলেন। কর্মসংস্থানের এমন সংকট তরুণদের শুধু আর্থিক নিরাপত্তাই কেড়ে নিচ্ছে না, বিয়ে ও সন্তান নিয়ে তাদের স্বপ্ন পূরণের পথও কঠিন করে তুলছে।

সাব-সাহারান আফ্রিকায় তরুণদের পরিস্থিতি আরও কঠিন। সেখানে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র্য ও কাজের অভাব তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। বিশেষ করে, মেয়েরা নানা বাধার মুখে পড়ছেন।

বাল্যবিবাহ, অল্প বয়সে গর্ভধারণ ও পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না অনেকেই।

প্রতিবেদনে বলা হয়েছে, বেনিনে প্রতি তিনজন মেয়ের মধ্যে মাত্র একজন মাধ্যমিক শিক্ষার প্রথম ধাপ শেষ করতে পারেন।

অন্যদিকে, চাদে মাধ্যমিক পর্যায়ে ভর্তির হার মাত্র ৪১ শতাংশ। দেশটির ৬০ শতাংশের বেশি নারীর বিয়ে হয়েছে ১৮ বছর বয়স হওয়ার আগেই। ফলে, শিক্ষা শেষ করা ও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন অনেক মেয়ে।

তবে, কিছু ক্ষেত্রে পরিস্থিতির উন্নতিও হচ্ছে। নাইজেরিয়ায় ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক শিক্ষা শেষ করা মেয়েদের হার এক-চতুর্থাংশ বেড়েছে। মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগ এ অগ্রগতিতে ভূমিকা রেখেছে।

পাশাপাশি, বিনা মূল্যে পড়াশোনা, স্কুলে খাবার সরবরাহ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ বাল্যবিবাহ কমাতেও সাহায্য করছে।

এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মেয়েদের শিক্ষা ও ভবিষ্যৎ গড়ার সুযোগ আরও বাড়তে পারে বলে বলা হয়েছে প্রতিবেদনে।

সংঘাতের প্রভাবও পড়ছে তরুণদের জীবন ও ভবিষ্যতের ওপর।

১৯৯০ সালের তুলনায় বর্তমানে সক্রিয় সংঘাতের ৫০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ৩৪ কোটিতে দাঁড়িয়েছে। ফলে, সংঘাতপূর্ণ এলাকায় বসবাসকারী তরুণদের শিক্ষা, কাজ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।

পাশাপাশি, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এভাবে সহায়তা কমতে থাকলে ২০৩০ সালের মধ্যে প্রতিরোধযোগ্য কারণে আরও ২ কোটি ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে ইউএনএফপিএ।


সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news