
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকেরা। খবর পেয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মিছিল করে অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান। চলমান শ্রমিক আন্দোলনের জেরে আজও জেলার বিভিন্ন স্থানে ৫০টি কারখানা বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা হাতে লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এতে কয়েক মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। পরে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে চলমান আন্দোলনের কারণে জেলার মাওনা, বাংলাবাজার, নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার ৫০টি কারখানা এখনো বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আজ আবারও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, জেলার অন্যান্য এলাকায় কোনো সমস্যা নেই। কারখানাগুলো ধীরে ধীরে চালু হচ্ছে। যেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলোও দ্রুত চালু হবে।