কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে তাবাসুম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বেলুন ফুলাতে গিয়ে তা ফেটে শ্বাসনালীতে আটকে গিয়ে তার মৃত্যু হয়।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বরুড়া পৌরসভার কশামী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাবাসুম ওই গ্রামের মো. মহিন উদ্দিনের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহিন উদ্দিন তার মেয়েকে বেলুন কিনে দেন। রোববার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে বেলুনটি ফেটে যায়। তখন বেলুনের একটি অংশ শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে গিয়ে শ্বাস চলাচল বন্ধ হওয়ায় মৃত্যু হয়েছে তার।
বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবরটি শুনেছি। শিশুর মৃত্যুটি অত্যন্ত হৃদয়বিদারক। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি।