Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২২ নভেম্বর ২০২৬ | ০৯:১৪ অপরাহ্ন

রেলের নিয়োগ কেলেঙ্কারি ১৩ বছর পর সাজা : জিএম মৃধার ২ বছর, এসডব্লিউও কিবরীয়ার ৩ বছর জেল

আবুল কালাম আজাদ ,বিশেষ প্রতিনিধি :- ২২ নভেম্বর ২০২৬

রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়োগ প্রক্রিয়ায় নম্বরপত্র জালিয়াতির মাধ্যমে মেধাতালিকা বদলে দেওয়ার ঘটনায় অবশেষে সাজা হলো রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তার। রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিং করে প্রার্থীর প্রাপ্ত নম্বর পরিবর্তন এবং নিয়োগে অনিয়মের মামলায় সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সরোয়ার হোসেন নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রেলওয়ের নিয়োগে স্বচ্ছতা ও মেধার পরিবর্তে কীভাবে নম্বরপত্রে কারসাজির অভিযোগ উঠেছিল, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তারই নিষ্পত্তি হলো এ রায়ে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়। অপরদিকে পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পদটির বিপরীতে আবেদন করেন ১০৯ জন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন।

লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে চারজন প্রার্থী উত্তীর্ণ হন। কিন্তু অভিযোগ অনুযায়ী, মূল্যায়নকারী শিক্ষকদের প্রস্তুত করা মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া নিজেই আরেকটি নম্বরপত্র তৈরি করেন। এ সময় মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে প্রার্থীদের নম্বর পরিবর্তন করা হয়।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল পেয়েছিলেন ৪৬ নম্বর। কিন্তু নম্বরপত্রে ঘষামাজা করে তাঁর নম্বর দেখানো হয় ৪০। অন্যদিকে, নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের প্রাপ্ত ৩১ দশমিক ৫ নম্বর বাড়িয়ে করা হয় ৩৭ দশমিক ৫। অর্থাৎ এক প্রার্থীর নম্বর কমিয়ে এবং অন্য প্রার্থীর নম্বর বাড়িয়ে পরীক্ষার ফলাফলে পরিবর্তন আনার অভিযোগ উঠে।

এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরের হিসাবে এগিয়ে যান সরোয়ার হোসেন। পরবর্তী সময়ে তাঁকে নিয়োগের সুপারিশ করা হলে তা অনুমোদন করেন তৎকালীন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা।

নম্বরপত্রে জালিয়াতি ও নিয়োগ অনিয়মের ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত সাবেক দুই রেল কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেন। তবে সরোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়।

উল্লেখ্য—রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার নম্বরপত্রে কারসাজির অভিযোগ এবং এ ঘটনায় সাবেক শীর্ষ কর্মকর্তাদের দণ্ডাদেশ নতুন করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহি ও প্রশাসনিক তদারকির বিষয়গুলো সামনে এনেছে। বিশেষ করে একটি পদের নিয়োগকে কেন্দ্র করে কীভাবে পরীক্ষার ফল পরিবর্তনের অভিযোগ উঠেছিল, তা রেলওয়ের নিয়োগ ব্যবস্থার নজরদারি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।




(নম্বরপত্রে ঘষামাজা করে বদলে দেওয়া হয় প্রার্থীদের অবস্থান, ৩১.৫ নম্বর পেয়ে নিয়োগ পান ৩৭.৫ দেখানো প্রার্থী। সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়ার ৩ বছর, একজন খালাস)--সংগৃহীত ছবি