Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৩ নভেম্বর ২০২৬
০১:০৩ অপরাহ্ন

সিনেমা ‘বারানসী’ বিশ্বজুড়ে ১৮টি ফরম্যাটে মুক্তি পাবে

অনলাইন ডেস্ক Movie 'Varanasi'

বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে চান ‘বাহুবলী’ ও ‘আরআরআর’খ্যাত পরিচালক এস এস রাজামৌলি। তার আসন্ন সিনেমা ‘বারানসী’ বিশ্বজুড়ে ১৮টি ভিন্ন সিনেমা প্রদর্শন ফরম্যাটে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। তালিকায় রয়েছে আইম্যাক্স ১.৪৩:১, ডলবি ভিশন ও ফোরডিএক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি।

ভারতীয় সিনেমার ইতিহাসে প্রযুক্তিগত দিক থেকে অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হতে যাচ্ছে ‘বারানসী’। জানা গেছে, আন্তর্জাতিক দর্শকদের কাছে সিনেমাটির সর্বোচ্চ আবেদন পৌঁছে দিতে নির্মাতারা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। একাধিক প্রদর্শন প্রযুক্তির উপযোগী করে এটি প্রস্তুত করার কাজ চলছে।

এ সিনেমার অন্যতম বড় আকর্ষণ আইম্যাক্স ১.৪৩:১ অ্যাসপেক্ট রেশিও। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বারানসী’ সম্পূর্ণ এ বিশেষ অনুপাতে ধারণ করা হয়েছে। ফলে এটি হতে যাচ্ছে এ অ্যাসপেক্ট রেশিওতে শুট করা প্রথম অ-ইংরেজি ভাষার সিনেমা। আইম্যাক্সের বিশাল পর্দায় দর্শকরা সিনেমাটির দৃশ্যগুলো আরও বিস্তৃত ও নিমগ্নভাবে উপভোগ করতে পারবেন।

তবে এতগুলো ফরম্যাটে সিনেমা মুক্তির প্রস্তুতি নিতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে পোস্ট-প্রোডাকশন টিম। এখনো ভিজ্যুয়াল ইফেক্টস, শব্দ সংযোজন এবং বিভিন্ন প্রদর্শন উপযোগী সংস্করণ তৈরির কাজ বাকি। নির্মাতাদের লক্ষ্য আগামী মার্চের মধ্যে এসব কাজ শেষ করা। কারণ, আগামী ৭ এপ্রিল ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

‘বারানসী’তে প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু। এতে তার চরিত্রের নাম রুদ্র, প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে এবং পৃথ্বীরাজকে দেখা যাবে কুম্ভকর্ণের ভূমিকায়। এ সিনেমার গল্পে দেখা যাবে, সময়ভ্রমণ, পৌরাণিক রহস্য ও মহাজাগতিক শক্তির সংঘাতে এক মানুষ অতীত-বর্তমানের সীমা পেরিয়ে মানবজাতির ভবিষ্যৎ রক্ষার লড়াইয়ে নামে। আর সে মানুষটি হচ্ছেন মহেশ বাবু।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news