
রাজশাহীতে দলিত ও আদিবাসী জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষের মানবাধিকার, ভূমির অধিকার ও পানি নিরাপত্তা বিষয়ে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৩ নভেম্বর বিকেল সাড়ে চারটায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে ডাসকোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসকোর মনিটরিং অফিসার মদন দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক জনাব শহিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন ডাসকোর গেটকা প্রকল্পের ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তি, নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাদ, বিমল চন্দ্র রাজোয়াড় প্রমুখ। রাজশাহী অঞ্চলের দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার, ভূমির মালিকানা ও ব্যবহার অধিকার, প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার এবং সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার সুরক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
এ ছাড়া বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়া, খরাপ্রবণতা এবং নিরাপদ পানির সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে সরকারি খাস পুকুর ইজারায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর অগ্রাধিকারমূলক সুযোগ নিশ্চিত করা এবং দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহৃত শ্মশানঘাটগুলোর মালিকানাসহ সুরক্ষা ও আইনি স্বীকৃতির বিষয়েও আলোচনা করা হয়।
সভায় সরকারি কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও গঠনমূলক সংলাপের মাধ্যমে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান এবং নীতিগত সুপারিশ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।