
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।
তিনি বলেন, তিনি (শেখ হাসিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে (শেখ হাসিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।
বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বলতে আওয়ামী লীগকে বোঝে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসী তো একজনই। সন্ত্রাসী তো আওয়ামী টেররিজম। বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বলতে তাদের বোঝে। যার স্পন্সরড হাসিনা আপা ফ্রম দিল্লি। তো এটা তো সবাই জানে। এটা তো রকেট সায়েন্স না। সন্ত্রাস তো বাংলাদেশের মানুষ এখন এই গোষ্ঠীর লোককেই জানে কারা।
জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে । মানে জয় বাংলা বললেই মনে হয় কেউ দৌঁড়ে পালাচ্ছে। আমরা মুসলমানরা মারা যাবার আগে কলিমা পড়ার চেষ্টা করি। এরা জয় বাংলা বলে মরে যায়। এটা তাদের এখন পালানোর আর মরার স্লোগান।
দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে হুমায়ুন কবির বলেন, সরকার আত্মবিশ্বাসী। কারণ, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দেশের মানুষের কাছে শক্ত অবস্থান রয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে জনগণকে আস্থায় নিয়েই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। এসব করে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হলেও মানুষ আতঙ্কিত হচ্ছে না। বরং এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই আতঙ্কিত হচ্ছে।
হুমায়ুন কবির বলেন, ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।
সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যে-কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।