Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এক টানা বর্ষণ ও ঝড়ে লন্ডভন্ড রাজশাহীর পান বরজ, দিশাহারা চাষিরা

আবুল কালাম আজাদ get barge

​বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বর্ষণ ও দমকা ঝড়ে রাজশাহীর বিভিন্ন উপজেলায় অর্থকরী ফসল পানের বরজ লন্ডভন্ড হয়ে গেছে। 

ঝড়ো হাওয়া ও অবিরাম বৃষ্টিতে জেলার দুর্গাপুর, মোহনপুর, বাগমারা, পুঠিয়া ও পবা উপজেলার অসংখ্য পান বরজ মাটিতে হেলে পড়েছে। কাদা ও জমে থাকা পানির মধ্যেই ঝরে পড়া পানগাছসহ বাঁশ ও কাঠির বেড়া সোজা করতে দল বেঁধে মাঠে নেমেছেন ক্ষতিগ্রস্ত পান চাষিরা।

​সরেজমিনে জেলার বিভিন্ন পান চাষ অধ্যুষিত এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় এবং দমকা বাতাসের চাপে অধিকাংশ বরজের উপরের ছাউনি ও পাশের কাঠির বেড়া একদিকে নুইয়ে পড়েছে। 

এছাড়া অনেক বরজে বাঁশের খুঁটি ভেঙে পানগাছের লতা মাটিতে লুটিয়ে পড়েছে। কাদামাটিতে লতা ও পাতা জড়িয়ে যাওয়ায় পানে পচন ধরার পাশাপাশি গাছের শিকড় পচে যাওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বরজ পুরোপুরি ধসে পড়া ঠেকাতে প্রতিবেশী চাষি ও শ্রমিকদের সঙ্গে নিয়ে একজোট হয়ে বরজ দাঁড় করানোর কাজ করছেন কৃষকরা।

​রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অর্থকরী ফসল হিসেবে রাজশাহীতে পানের আবাদ প্রতি বছরই বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে জেলায় ৪ হাজার ৫০৯ হেক্টর জমিতে পান চাষ হয়েছিল, যাতে উৎপাদন হয়েছিল ৭৭ হাজার ৪৫২ মেট্রিক টন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ৫ হাজার ২০ হেক্টরে দাঁড়িয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৭ হাজার ৮৫০ মেট্রিক টন। কিন্তু অসময়ের এই প্রাকৃতিক দুর্যোগে সেই উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি প্রান্তিক চাষিরা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন।

​রাজশাহীর দুর্গাপুরের পান বরজ মালিক আমজাদ হোসেন বলেন, "পান চাষ অত্যন্ত শ্রমনির্ভর ও ব্যয়বহুল। বাঁশ, কাঠি, ছন, খড় ও শ্রমিকের মজুরি বাড়ায় এমনিতেই খরচ সামাল দেওয়া কঠিন। এর ওপর টানা পাঁচ দিনের বৃষ্টি ও ঝড়ে আমার বরজের কাঠির বেড়া ও পানগাছ পুরোপুরি হেলে পড়েছে। দ্রুত সোজা করতে না পারলে কাদায় লেগে সব পান পচে নষ্ট হয়ে যাবে।"

​মোহনপুরের পান চাষি কিসমত আলী জানান, "বৃষ্টিতে বরজের ভেতরে পানি জমে মাটি নরম হয়ে গেছে। বাতাসের ধাক্কায় পুরো বরজ একদিকে কাত হয়ে পড়েছে। এখন বাড়তি টাকা দিয়ে শ্রমিক নিয়ে দল বেঁধে বরজ সোজা করার চেষ্টা করছি। এই দুর্যোগে আমাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে গেল।

​পবা এলাকার পান চাষি আয়েশা আক্তার ] বলেন, "আশা ছিল ভালো দাম পাব, কিন্তু অসময়ের এই ঝড়-বৃষ্টি সব এলোমেলো করে দিল। বরজের ছাউনি ভেঙে যাওয়ায় রোদ-বৃষ্টিতে পানগাছের ব্যাপক ক্ষতি হবে। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনা ও কৃষি সহায়তা দেওয়া না হলে অনেকের পক্ষেই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।"

​কৃষি কর্মকর্তারা জানান, টানা বৃষ্টির পর বরজের ভেতরে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করা জরুরি। হেলে পড়া গাছগুলো দ্রুত সোজা করে বেঁধে দেওয়ার পাশাপাশি ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে গোড়া পচা বা পাতা পচা রোগ ছড়িয়ে পড়তে না পারে।




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news