Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভারী বর্ষণের ধাক্কা সামলে রাজশাহীতে ফের কাদামাটিতে রসুন রোপণ শুরু

আবুল কালাম আজাদ বাড়ছে শ্রম ও উৎপাদন খরচ Start planting garlic

সাম্প্রতিক কয়েকদিনের  ভারী বর্ষণের পর পানি ও কাদা জমে থাকা জমিতেই আবারও পুরোদমে রসুন রোপণ শুরু করেছেন রাজশাহীর বিভিন্ন উপজেলার কৃষকরা। মৌসুমের শুরুতে বৃষ্টির কারণে জমিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চাষাবাদ সাময়িকভাবে ব্যাহত হয়। তবে বৃষ্টি কমে আসতেই জমি পুরোপুরি শুকানোর অপেক্ষা না করে সময় বাঁচাতে কাদামাটিতেই রসুনের কোয়া বুনতে মাঠে নেমেছেন চাষিরা।

 সরেজমিনে মোহনপুরসহ জেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও চাষ করা কাদামাটির জমিতে সারিবদ্ধভাবে রসুনের কোয়া পুঁতে দেওয়া হচ্ছে, আবার কোথাও ধানের নাড়াযুক্ত ভেজা জমিতেই শ্রমিকদের নিয়ে রসুন রোপণের কাজ চলছে। কাদা ও অতিরিক্ত আর্দ্রতার মধ্যে কাজ করতে গিয়ে শ্রমিকদের বাড়তি পরিশ্রম হচ্ছে, পাশাপাশি নির্ধারিত সময়ের চেয়ে রোপণে সময় ও খরচও বাড়ছে।  

​স্থানীয় কৃষকরা জানান, মৌসুমের নির্ধারিত সময়ে রসুন রোপণ শেষ করতে না পারলে ফলন ও পরবর্তী বাজারদরে প্রভাব পড়ার আশঙ্কা থাকে। সে কারণেই জলাবদ্ধতা ও কাদা পুরোপুরি শুকানোর আগেই বিকল্প পদ্ধতিতে বা কাদামাটিতে কোয়া লাগানোর কাজ শুরু করেছেন তারা।  


​মোহনপুরের কেশরহাট-মদনহাটি এলাকার রসুন চাষি শফিকুল ইসলাম বলেন, "বৃষ্টির পর জমিতে কাদা জমে যাওয়ায় কাজ থমকে ছিল। মাটি শুকানোর অপেক্ষায় থাকলে মৌসুম আরও পিছিয়ে যাবে। তাই বাধ্য হয়েই কাদামাটিতে রসুন লাগাচ্ছি। তবে মাটিতে রস বেশি থাকায় কিছু বীজ নষ্ট বা পচে যাওয়ার ভয় কাজ করছে, আর কাদার মধ্যে কাজ করায় বাড়তি শ্রম ও খরচও গুনতে হচ্ছে।

​শুধু মোহনপুর নয়, জেলার অন্য উপজেলাগুলোর চাষিরাও মৌসুমের শুরুতে বাড়তি চাপ ও দুশ্চিন্তার কথা জানিয়েছেন।

পবা উপজেলার চাষি কামরুল ইসলাম জানান, ১০ বিঘা জমিতে রসুনের আবাদ করার প্রস্তুতি থাকলেও সার ও উপকরণের টানাপোড়েন এবং আবহাওয়াজনিত জটিলতায় উৎপাদন খরচ ও আবাদ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে।

​অন্যদিকে, পুঠিয়া উপজেলার  কৃষকের জানান, একদিকে বৃষ্টির কাদা ও বাড়তি শ্রম, অন্যদিকে উর্বর জমিতে পুকুর খননের প্রবণতায় ফসলি জমি কমে যাওয়ায় আবাদি জমির ব্যবহার নিয়েও চাপ তৈরি হচ্ছে। 

এ ছাড়া পবা, গোদাগাড়ী, তানোর ও বাগমারা এলাকার চাষিরাও মৌসুমি ফসল আবাদে সার ও কৃষি উপকরণের সঠিক প্রাপ্যতা এবং মাঠপর্যায়ের সহযোগিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

​তানোর সদরের কৃষক মারান্ডি মুর্মু বলেন, "নির্ধারিত সময়ে কোয়া রোপণ না করতে পারলে ফলন কমে যাওয়ার শঙ্কা থাকে। বৃষ্টির পর ভেজা মাটিতে কাজ করায় শ্রম ও খরচ দুটোই বেড়ে গেছে।

​কৃষি সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত ভেজা বা কর্দমাক্ত জমিতে রসুন রোপণ করলে বীজ পচন ও ছত্রাকজনিত রোগের ঝুঁকি থাকে। এ ক্ষেত্রে জমিতে জমে থাকা অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা এবং বীজ ও চারা সুরক্ষায় সতর্ক থাকা জরুরি।  

​সার্বিক বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, "বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ফসলের মাঠে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, তবে দ্রুত পানি নিষ্কাশন করা গেলে সম্ভাব্য ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। রসুন রোপণে কাদা বা অতিরিক্ত আর্দ্রতার কারণে যেন বীজ পচে না যায়, সেজন্য করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে রয়েছেন।"  



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news