Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক

আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি:- 700 bags of urea fertilizer seized during smuggling

​চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হলেও অভিযুক্ত বিসিআইসি সার ডিলার পলাতক রয়েছেন।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে সার ও ট্রাকটি জব্দ করা হয়। 

আটক ট্রাকচালক আব্দুল মান্নান (৩৮) যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে মহারাজপুর মেলার মোড়ে অবস্থান নেয় পুলিশের একটি দল। যশোরের নওয়াপাড়া থেকে ছেড়ে আসা সারবোঝাই ট্রাকটি সেখানে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে পরিবহন করা ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ এবং চালক আব্দুল মান্নানকে আটক করা হয়।

​স্থানীয় সূত্রের দাবি, জব্দ করা সারগুলো গোলাপেরহাটের বিসিআইসি ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি ভর্তুকির সার কালোবাজারে বিক্রির একটি সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। ঘটনার পর থেকে তাঁর দোকান ও ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।

​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে সারসহ ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news